সরকারি পাহাড় ঘিরেই ঝুঁকিপূর্ণ বসবাস বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে ২০০৭ সালে ভয়াবহ পাহাড়ধসের পর গঠিত হয়েছিল শক্তিশালী ব্যবস্থাপনা কমিটি ও প্রকৌশলগত কমিটি। এসব কমিটি গত বছর ১২টি পাহাড়কে ভয়াবহ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ঢালে বসবাসকারী সাত হাজার পরিবারকে উচ্ছেদ করার সুপারিশ করেছিল। এসব পাহাড়ের নয়টিই সরকারি মালিকানাধীন।জানা গেছে, গত শুক্রবার বাটালি হিল এলাকায় প্রতিরক্ষা-দেয়ালসহ যে পাহাড়ধস হয়েছিল, সেটিও ১২টির তালিকায় ছিল। দুর্ঘটনার পর এই পাহাড়ের মালিকানা নিয়ে গণপূর্ত বিভাগ ও রেলওয়ের মধ্যে এখন টানাপোড়েন সৃষ্টি হয়েছে।বাকি ১১টি পাহাড়ের বেশির ভাগের মালিক রেলওয়ে। রেলওয়ের পাহাড়গুলোর মধ্যে রয়েছে মতিঝর্না, বাটালি পাহাড় ও টাইগার পাহাড়। ওয়াসার ট্যাংকের পাহাড়, গণপূর্ত বিভাগ, বন বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ও ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। সরকারি হওয়ায় এসব পাহাড় সহজে দখল হয়ে যায় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন।পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার বলেন, ‘সরকারি পাহাড় দখলে বাধা দেওয়ার কেউ থাকে না। দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয় না। কিছু কিছু ক্ষেত্রে দখলে সরকারি লোকজনের যোগসাজশ থাকে।’ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারি পাহাড় দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তেমন কোনো নজির নেই। তাই বারবার দখল হচ্ছে এবং বারবার দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে।জেলা প্রশাসক ফয়েজ আহমেদ গত শুক্রবার বলেন, ‘বেদখল পাহাড়গুলোর বেশির ভাগই সরকারি। এসব পাহাড় দখলমুক্ত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোর তৎপর হওয়া দরকার। না হলে প্রতিবছর দুর্ঘটনা ঘটবে।’ তিনি বলেন, এসব বসতি উচ্ছেদ করতে গেলে একটি মহল তাদের বাঁচাতে তৎপর হয়ে পড়ে।জানা গেছে, পাহাড়ধস প্রতিরোধে শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটি এবং ওই কমিটির অধীনস্থ প্রকৌশলগত প্রতিরোধ কমিটি ১২টি পাহাড়কে চিহ্নিত করে ৩০ দফা স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপারিশ পেশ করেছিল।পাহাড় ব্যবস্থাপনা কমিটি সূত্রে জানা গেছে, বিভিন্ন প্রতিষ্ঠানকে বারবার চিঠি দিয়ে এবং মৌখিকভাবে পাহাড় দখলমুক্ত করতে বলা হয়েছে। এ ছাড়া বনায়নেরও নির্দেশ দেওয়া হয়, কিন্তু দখলমুক্ত করা হয়নি। শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্য-সচিব অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইসমাইল হোসেন বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানগুলোয় পাহাড় রক্ষায় আলাদা বিভাগ নেই। লোকবলের সংকট রয়েছে। আমরা বারবার তাদের তাগাদা দিয়ে আসছি। কমিটির সুপারিশের মধ্যে কেবল প্রতিবছর বৃষ্টির সময় লোকজন সরিয়ে নেওয়ার কাজটিই চলছে।’