সরকারি পুকুর থেকে মাছ ধরার অভিযোগে ভূমি কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় সরকারি পুকুর থেকে অবৈধভাবে মাছ ধরার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রফিকুল ইসলাম নামের এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, উপজেলার বীরগঞ্জ এলাকায় ইউনিয়ন ভূমি কার্যালয়ের সামনে সরকারি পুকুরে সরকারিভাবে মাছ চাষ করা হয়। গত মঙ্গলবার ভোররাতে ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলামসহ কয়েকজন জেলেদের দিয়ে অবৈধভাবে ওই পুকুর থেকে মাছ ধরছিলেন। স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ রেজাউল করিমের নির্দেশে পুলিশ এলাকায় গিয়ে কয়েক বস্তা মাছ জব্দ করে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রফিকুল ইসলাম ও দুজন জেলেকে আটক করে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, মাছ ধরার বিষয়টি ইউএনও জেলা প্রশাসনকে লিখিতভাবে জানান। পরে জেলা প্রশাসন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করার নির্দেশ দেয়।

সরকারি পুকুর থেকে এভাবে মাছ ধরা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন রফিকুল ইসলাম। 

ইউএনও মোহামঞ্চদ রেজাউল করিম বলেন, এ ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।