সরকারি পুকুর দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার মহারাজপুরে কয়েক ব্যক্তির বিরুদ্ধে একটি সরকারি পুকুর দখলের অভিযোগ পাওয়া গেছে। ওই পুকুরে তাঁরা মাছ চাষ করে তা বিক্রিও করছেন বলে জানা গেছে।
এদিকে সরকারি স্বার্থ রক্ষা ও বিধি মোতাবেক পুকুরটি ইজারার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন মহারাজপুর গ্রামবাসীর পক্ষে সানোয়ার হোসেন নামের এক যুবক। এ ছাড়া সানোয়ার ওই পুকুরটি যেন কেউ অন্যায়ভাবে দখল করতে না পারে সে ব্যাপারে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন। মৎস্য বিভাগ জানায়, ওই পুকুরে বছরে প্রায় সাত মেট্রিক টন মাছ উৎপাদন সম্ভব।
এলাকার অনেকে জানান, বাংলা ১৪২০ সনে পাঁচ বছরের জন্য উপজেলা প্রশাসন মহারাজপুর মৌজায় অবস্থিত ২ দশমিক ৩৮ একর (এক নম্বর খাস খতিয়ানভুক্ত, দাগ নম্বর ২৩৫) পুকুর ইজারা দেয়। যুবলীগের উপজেলা শাখার কিছু নেতা সর্বশেষ পুকুরটি ইজারা নেন। কিন্তু ওই ইজারার বিরুদ্ধে মহারাজপুর গ্রামের রুহুল, তাবারক, শফিক, খোরশেদ, ইউসুফ ও মজিবর আদালতে মামলা করেন। পরে আদালত ইজারার বিরুদ্ধে স্থগিতাদেশ দেন।
সানোয়ার অভিযোগ করেন, আদালতের স্থগিতাদেশের সুযোগ কাজে লাগিয়ে ওই ব্যক্তিরা পুকুরটি দখল করে সেখানে মাছের পোনার চাষ করেছেন। এ ছাড়া পুকুরে থাকা প্রায় তিন লাখ টাকা মূল্যের মাছ ধরে বিক্রি করে তা আত্মসাৎ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আবদুল্লাহেল বাকী নামের এক ব্যক্তি উপজেলা প্রশাসন থেকে পুকুরটি ইজারা নিয়ে পাঁচ বছর মাছ চাষ করেন। গত চৈত্র মাসে তাঁর ইজারার মেয়াদ শেষ হয়। তবে পুকুরটি নিয়ে আইনি জটিলতা দেখা দেওয়ায় তিনি আর ওই পুকুর ইজারা নেননি। কিন্তু স্থানীয় ওই ব্যক্তিরা পুকুর দখল নিয়ে মাছের পোনা চাষ করছেন।
তাবারক হোসেন জানান, পুকুরের চার পাশে তিনিসহ আরও পাঁচ-ছয়জনের জমি রয়েছে। ওই জমির কিছু অংশ ভেঙে পুকুরে সঙ্গে মিশে গেছে। এতে তাঁরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বছরের পর বছর ওই অবস্থা চললেও সরকার পুকুরটি অন্যকে ইজারা দেয়। তাঁদের কথা বিবেচনা করা হয় না। তাই পুকুরসংলগ্ন ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা পুকুরটি তাঁদের পক্ষে ইজারা দেওয়ার দাবি জানিয়ে আদালতে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন। তবে তাঁরা মাছ ধরে বিক্রি বা পোনা ছাড়েননি বলে দাবি করেন।
ইউএনও ইয়াসমিন আকতার জানান, আদালতের স্থগিতাদেশের কারণে ইজারা দেওয়া সম্ভব হয়নি। তবে পুকুরের মাছ ধরার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে তা বন্ধ করে দেওয়া হয়।