সরকারি পুকুর ফের ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের পশু হাসপাতাল সড়কে অবস্থিত একটি সরকারি পুকুর আবারও বালু ফেলে ভরাট করা হচ্ছে। জাল দলিলের মাধ্যমে মালিকানা দাবি করে এক ব্যক্তি ওই পুকুর ভরাট করে দখলের পাঁয়তারা করছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিকার চেয়ে বাপ্পী ঘোষ নামের স্থানীয় এক বাসিন্দা সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, ৮৮ শতকের ওই পুকুরটি অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও প্রভাবশালী কয়েক ব্যক্তি ভুয়া দলিল ও ইজারার মাধ্যমে এটির মালিকানা দাবি করে আসছেন। সম্প্রতি পুকুরের মালিকানা দাবি করে ওই মহল আবারও বালু ফেলে ভরাট শুরু করে। এর আগেও মহলটি পুকুর দখলের চেষ্টা চালায়।
গত শুক্রবার দুপুরে সরেজমিনে পুকুরটির উত্তর পাড়ে ট্রাক্টর দিয়ে বালু ফেলতে দেখা গেছে। নবীনগর পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর স্বপ্না ঘোষ বলেন, ‘এই পুকুর নিয়ে আদালতে একাধিক মামলাও আছে। এর পরও কীভাবে জাল দলিলের মাধ্যমে মালিকানা দাবি করে পুকুরটি ভরাট করে দখলের পাঁয়তারা করা হচ্ছে, তা বুঝতে পারছি না।’
মালিকানা দাবি করা মৃত আবদু মিয়ার ছেলে আবদুল আলীম বলেন, ‘ভাই, পুকুর নয়, পুকুরের পাড় ভরাট করছি। পুকুরের ৫৯ শতক জায়গা আমার বাবা ১৯৬৫ সালে ললিত মোহন দাসের কাছ থেকে কিনেছিলেন। ওই ৫৯ শতক জায়গাসহ পুকুরের সর্বমোট ৮৮ শতক জায়গা ভুলবশত সরকারিভাবে অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়। পরে সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করে আমাদের পক্ষে মালিকানার রায় পাই।’
সহকারী কমিশনার (ভূমি) মোহামঞ্চদ আবুল কালাম বলেন, আবেদনকারী ও বিবাদী—উভয়কে শিগগিরই ডাকা হবে। এরপর কাগজপত্র পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
২০১১ সালের ১৬ সেপ্টেম্বর প্রথম আলোয় ওই পুকুর নিয়ে ‘নবীনগরে অর্পিত সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ’ ও পরদিন ‘পুকুরটি ভরাট না করতে নোটিশ’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।