সরকারি পুকুর ভরাট করতে বঙ্গবন্ধুর নাম ব্যবহার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সদরের একটি খাসপুকুর ভরাটের কাজ চলছে। সরকারদলীয় কিছু প্রভাবশালী ব্যক্তি পুকুর ভরাটের সঙ্গে জড়িত রয়েছেন। জায়গার বরাদ্দ নিয়ে অর্থ লেনদেন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সাংসদ জানিয়েছেন, পুকুরের জায়গায় নির্মাণ করা হবে ‘বঙ্গবন্ধু সুপার মার্কেট’।ভূমি কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, মঠবাড়িয়া মৌজার জেএল নম্বর ২১, দাগ নম্বর ১৬৫১, খতিয়ান নম্বর ১-এর পুকুরটিতে জমির পরিমাণ দেড় একর। এর দেখভালের দায়িত্ব উপজেলা সহকারী কমিশনার (এসি ল্যান্ড) কার্যালয়ের। পুকুরটি ভরাট বা ভোগদখল করার জন্য কোনো বন্দোবস্ত দেওয়া হয়নি। দুই সপ্তাহ আগে পুকুরটি ভরাট করা শুরু হয়। ভরাট কাজে বালু সরবরাহকারী হানিফ জমাদ্দার জানান, পৌর মেয়রের সঙ্গে পুকুর ভরাটের বিষয়ে তাঁর চুক্তি হয়েছে। ১৭ আগস্ট পর্যন্ত এক লাখ ১৪ হাজার ঘনফুট বালু পুকুরে ফেলা হয়েছে। দুদিনের মধ্যে ভরাটের কাজ শেষ হবে।মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (পদ স্থগিত) আলতাফ হোসেন অভিযোগ করেন, ভরাট করা জায়গা বরাদ্দ দেওয়ার জন্য পৌর মেয়র বিভিন্ন জনের কাছ থেকে প্রায় কোটি টাকা নিয়েছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন্ন হচ্ছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিকুর রহমান জানান, পুকুর ভরাটের বিষয়টি নিয়ে উপজেলা সমন্বয় সভায় অভিযোগ করা হয়েছে। মঠবাড়িয়া শহরের কোথাও আগুন লাগলে ওই পুকুরের পানি খুবই জরুরি হয়ে পড়ে। মঠবাড়িয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস জানান, ২০০১ সালে মার্কেট করার জন্য পুকুরটি চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছিল। তখন সরকার এটি পৌরসভাকে বরাদ্দ না দিয়ে এসি ল্যান্ডের বাসভবন হিসেবে৭ নামজারি করায়। তিনি বলেন, বর্তমানে স্থানীয় সাংসদ আনোয়ার হোসেন ওই নামজারি বাতিল করে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত করার জন্য ভূমি মন্ত্রণালয়ে চিঠি (ডিও) দিয়েছেন। পুকুর ভরাট ও জায়গার বরাদ্দ নিয়ে অর্থ লেনদেনের বিষয়ে তিনি বলেন, ‘ভরাট ঠিক নয়, বালু দিয়ে লেভেল করা হয়েছে। জমি কাউকে বরাদ্দ দেওয়া হয়নি বা দেওয়ার জন্য কারও কাছ থেকে টাকাও নেওয়া হয়নি।’আওয়ামী লীগের স্থানীয় সাংসদ আনোয়ার হোসেন বলেন, ডিও দেওয়ার পর ভূমি মন্ত্রণালয় ওই জায়গার নামজারি বাতিল করে। বর্তমানে এ জমি ডিসিআর-এর প্রক্রিয়া চলছে। জমিতে বঙ্গবন্ধু সুপার মার্কেট নির্মাণ করে ব্যবসায়ীদের বন্দোবস্ত দেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন জানান, কয়েক মাস আগে পুকুরে দুস্থ মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রের সাইনবোর্ড টানানো হয়েছিল। তখন তিনি থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন। তিনি বলেন, ‘বরাদ্দ যারাই নেবে, তারাই সরকারকে টাকা দেবে, অসুবিধা কোথায়।’ পরিবেশ অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক (সদ্য অবসরে যাওয়া) কায়সার আহম্মেদ জানান, পুকুর বা জলাশয় ভরাট সম্পূর্ণ বেআইনি। ভরাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আইনে অভিযোগ আনা যায়।