সরকারি পুকুর ভরাট করে আ.লীগ নেতার দোকানঘর!
বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি বাজার এলাকায় আওয়ামী লীগের স্থানীয় একজন নেতা ও তাঁর ছেলের বিরুদ্ধে সরকারি পুকুর ভরাট করে অর্থের বিনিময়ে জমি বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে। ভরাট করা ওই জমিতে তিন দিন ধরে ৭৬টি ঘর নির্মাণের কাজ চলছে। পাশের আরও একটি সরকারি পুকুরে খুঁটি পুঁতে ২০ থেকে ২৫ জন ব্যবসায়ী সেটিও দখল করার পাঁয়তারা চালাচ্ছেন।জেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও চরদুয়ানি মাধ্যমিক বিদ্যালয় যৌথভাবে পুকুর দুটির মালিক। চরদুয়ানি বন্দর ও আশপাশের প্রায় ১০ হাজার লোক কয়েক যুগ ধরে পুকুর দুটির পানি ব্যবহার করে আসছিল।স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, চরদুয়ানি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ও তাঁর ছেলে বদরুল হুদা ১০ থেকে ১২ দিন আগে প্রায় এক একর আয়তনের এই পুকুর বালু ফেলে ভরাট করেন। গত বৃহস্পতিবার সকালে সেখানে ঘর তোলার কাজ শুরু হয়। অভিযোগ আছে, ঘরপ্রতি এক লাখ টাকা করে নিয়েছেন তাঁরা।অভিযোগ প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘একটি নর্দমা ভরাট করে সেখানে কিছু ব্যবসায়ী ঘর তুলেছেন। ওই জমি অস্থায়ী বন্দোবস্ত নেওয়ার প্রক্রিয়া চলছে। এর সঙ্গে আমি জড়িত নই।’ টাকা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সেটা আমার জানা নেই।’ তাঁর ছেলে বলেন, স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডের তত্ত্বাবধানে এই মার্কেট হচ্ছে। জমি বন্দোবস্ত অনুমোদনের প্রক্রিয়া চলছে। অর্থ নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, ‘সাক্ষাতে কথা বলব।’ তবে মুক্তিযোদ্ধা সংসদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ কে এম এফ হাবিবুর রহমান বলেন, ‘ওই মার্কেট নির্মাণের সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।’গত শুক্রবার দুপুরে সরেজমিনে চরদুয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ঢুকতে ‘কাজ চলিতেছে, চরদুয়ানি মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, বাস্তবায়নে জেলা পরিষদ ও থানা পরিষদ’ লেখা একটি সাইনবোর্ড দেখা যায়। সেখানে পুকুর ভরাট করা জমিতে পাঁচ সারিতে অনেক ঘর নির্মাণের কাজ চলছে। পার্শ্ববর্তী আরেকটি পুকুরে খুঁটি বসিয়ে আরও প্রায় ২০ থেকে ২৫টি ঘর তোলা হচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে একজন ব্যবসায়ী বলেন, ‘হাফিজ উদ্দিন আহমেদ ও তাঁর ছেলের মৌখিক অনুমতি নিয়ে আমরা ঘর তুলেছি। এ জন্য অগ্রিম ৫০ হাজার টাকা দিয়েছি, বাকি ৫০ হাজার টাকা ঘর তোলার পর দিতে হবে।’পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাদল চন্দ্র হালদার জানান, ৮ মার্চ দুপুরে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং জমি দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, ৯ মার্চ সকালেও সেখানে ঘর তোলার কাজ চলছিল। চরদুয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজন চন্দ্র হালদার বলেন, ভরাট করা ওই পুকুরে বিদ্যালয়ের প্রায় ২৫ শতাংশ জমি আছে। পাউবো বরগুনার উপবিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন বলেন, সেখানে পাউবোর জমি আছে। তবে পুকুর ভরাট করার বিষয়টি কেউ জানায়নি। খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।চরদুয়ানি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতা সরকারি পুকুর ভরাট করে সেখানে জমি বরাদ্দ দিয়েছেন। বিষয়টি আমি সাংসদ ও দলের নেতাদের জানিয়েছি।’ জেলা পরিষদের প্রশাসক জাহাঙ্গীর কবির বলেন, ‘বিষয়টি শুনে আমার এক প্রকৌশলীকে সেখানে পাঠিয়েছি। ওই জমি জেলা পরিষদের একার নয়। জেলা পরিষদের অংশ অস্থায়ী বন্দোবস্ত দেওয়ার জন্য প্রক্রিয়া চলছিল। কিন্তু কাউকে ভরাট করার অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’স্থানীয় আওয়ামী লীগ দলীয় সাংসদ গোলাম সবুর বলেন, ‘আমি এই কাজ বন্ধের জন্য ইউএনওকে নির্দেশ দিয়েছি। আমার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য জনস্বার্থবিরোধী এসব কাজ করা হচ্ছে।’