সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া ওই হামলা সম্ভব ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় ষড়যন্ত্রকারীদের বিচার করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এ ধরনের হামলা সম্ভব ছিল না। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে তত্কালীন ক্ষমতাসীন দল পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছিল। গত মঙ্গলবার ২১ আগস্ট গ্রেনেড হামলার বার্ষিকীতে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিনের বর্বরোচিত গ্রেনেড হামলার বর্ণনা দিয়ে বলেন, সেদিন হামলার পর পুলিশ নিহত ব্যক্তিদের লাশ ও আহত ব্যক্তিদের উদ্ধার করার পরিবর্তে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর টিয়ার গ্যাসের শেল ছুড়েছে এবং লাঠিচার্জ করেছে। এর লক্ষ্য ছিল হামলাকারীদের নির্বিঘ্নে পালিয়ে যেতে সহায়তা করা।২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৪ জন নিহত এবং বহু মানুষ আহত হন। গ্রেনেড হামলার ঘটনার মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ বিএনপি-জামায়াত জোট সরকারের কয়েকজন সাবেক মন্ত্রীও আসামি।বঙ্গবন্ধু এভিনিউয়ে স্থাপিত শহীদ বেদিতে মঙ্গলবার বেলা ১১টায় প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দলীয় নেতাদের নিয়ে ফুল দেন শেখ হাসিনা। এরপর নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রী ওই হামলায় আহতদের সঙ্গেও কথা বলেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ভূমিদস্যু ও উলফার টাকায় প্রতিষ্ঠিত গণমাধ্যম এবং যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারা গণতন্ত্র নস্যাত্ করতে দেশের স্বাধীনতার পক্ষের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গণতন্ত্র নস্যাতের এই চক্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।সৈয়দ আশরাফ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং ২০০৪ সালে আওয়ামী লীগের সভানেত্রীসহ নেতা-কর্মীদের ওপর হামলা একই সূত্রে গাঁথা। তিনি বলেন, ২১ আগস্ট পরিকল্পিত ওই হামলার নেপথ্যের শক্তি এখনো সক্রিয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য হুমকি ওই শক্তিকে মোকাবিলায় দলের নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।