সরকারি প্যাকেজ নিতে রাজি ক্ষতিগ্রস্তদের অধিকাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অধিকাংশই সরকার-ঘোষিত প্যাকেজ নিতে রাজি হয়েছেন। ভূমি প্রতিমন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান আগামী এক মাসের ভেতর ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের শস্য-ক্ষতিপূরণসহ এককালীন জমির ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দিয়েছেন। বড়পুকুরিয়া বাজার এলাকা থেকে ওই ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু করা হবে।গত বৃহস্পতিবার বড়পুকুরিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় ভূমি প্রতিমন্ত্রী ওই ঘোষণা দেন। তিনি বলেন, জ্বালানি মন্ত্রণালয় থেকে তাঁকে জানতে দায়িত্ব দেওয়া হয়েছে—ক্ষতিগ্রস্ত বাসিন্দারা কী চান? এককালীন ক্ষতিপূরণ না আন্দোলন? তিনি এ বিষয়ে উপস্থিত সবার মতামত চান। সহস্রাধিক লোকজনের মধ্যে মাত্র একজন বাদে সবাই দুই হাত তুলে এককালীন ক্ষতিপূূরণ নেওয়ার পক্ষে মত দেন। সভায় সভাপতিত্ব করেন কৃষক ফরহাদ মণ্ডল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিব-উল-ফেরদৌস, পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, বড়পুকুরিয়া ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সংগঠন ‘জীবন ও সম্পদরক্ষা কমিটি’র আহ্বায়ক ইব্রাহীম খলিল, যুগ্ম সচিব বেলাল উদ্দিনসহ ক্ষতিগ্রস্ত ১০ গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ।