সরকারি প্রজ্ঞাপনে আদিবাসীরা ক্ষুব্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব আদিবাসী দিবস উদ্যাপন প্রসঙ্গে স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপনের ব্যাপারে আদিবাসীরা ক্ষোভ প্রকাশ করেছেন। ওই চিঠির পরও ৯ আগস্ট জাতিসংঘ ঘোষিত দিবসটি উদ্যাপন করবেন বরেন্দ্র অঞ্চলের আদিবাসীরা। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁর আদিবাসী নেতাদের সঙ্গে কথা বলে তাঁদের এই মনোভাবের কথা জানা গেছে।চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক শাহ আলম প্রজ্ঞাপন পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিশ্ব আদিবাসী দিবসে সরকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যেন সরকারের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক কোনো বক্তব্য প্রদান না করেন। দিবসে সরকারের পক্ষ থেকে যেন কোনো পৃষ্ঠপোষকতা না করা হয় এবং বাংলাদেশে কোনো আদিবাসী নেই—এ মর্মে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে প্রচারের ব্যবস্থা করা যেতে পারে। এ ছাড়া আগস্ট মাস জাতীয়ভাবে স্বীকৃত শোকের মাস, এ মাসে আদিবাসী দিবসের নামে অপ্রয়োজনীয় আনন্দ অনুষ্ঠান পরিহারের কথা বলা হয়েছে।নওগাঁর নিয়মতপুর উপজেলার কোঠাডাঙ্গা গ্রামের আদিবাসী মুক্তিযোদ্ধা লক্ষ্মণ এককা (৬২) প্রথম আলোকে বলেন, ‘বাঙালিদের জাতি পরিচয় ও সংস্কৃতি রক্ষা এবং শোষণ-নির্যাতন বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে আমরাও অংশ নিয়েছি। রক্ত দিয়ে, জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে। সেই স্বাধীন দেশে তবে আমরা কেন আমাদের পরিচয় নিয়ে বাঁচতে পারব না।’জাতীয় আদিবাসী পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বিচিত্রা তিরকি বলেন, সরকারের প্রজ্ঞাপনটি ইউপিতেও (পার্বতিপুর) এসেছে। এতে এলাকার আদিবাসীরা দারুণভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। তিনি আরও বলেন, ‘আদিবাসীরাও মুক্তিযুদ্ধ করেছে, আওয়ামী লীগকেও ভোট দেয়। আমরাও ১৫ আগস্ট পালন করি।’পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুবিন মুণ্ডা বলেন, ‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার জন্যই জাতিসংঘ বিশ্ব আদিবাসী দিবস ঘোষণা করেছে। আমরাও অধিকার আন্দোলনের অংশ হিসেবে এবার নওগাঁ সদর, ধামইরহাট, পত্নীতলা ও মহাদেবপুরে বিশ্ব আদিবাসী দিবস উদ্যাপন করব।’ পরিষদের সাবেক সভাপতি অনিল মারান্ডি বলেন, সরকারের মনোভাবে আদিবাসীরা ক্ষুব্ধ। তাই এবার জোরেশোরে আদিবাসী দিবস পালন করবে। আদিবাসী দিবস উপলক্ষে কাকনহাটে দুই দিনব্যাপী আদিবাসী মেলা বসবে। পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, বিশ্ব আদিবাসী দিবস উদ্যাপন প্রসঙ্গে সরকারের এ ধরনের সার্কুলার বা নির্দেশনা একধরনের বাধা বা প্রতিবন্ধকতা হিসেবেই দেখছে জাতীয় আদিবাসী পরিষদ। জাতিসংঘ ঘোষিত দিবস হলেও সরকার তা উদ্যাপন করবে না, সেটা সরকারের ব্যাপার। কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এমন সার্কুলার দেওয়া মানায় না। এটা মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে। আদিবাসীদের প্রতি অবজ্ঞা প্রকাশ করেছে সরকার। কিন্তু আদিবাসীরা অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই-সংগ্রাম চালিয়ে যাবে।