পৌরসভায় যে পরিমাণ রাজস্ব আদায় হয়, তা কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরদের সম্মানি ভাতা দিতেই শেষ হয়ে যায়। সরকারি প্রতিষ্ঠান থেকে রাজস্ব আদায় করা যায় না। আগের ঋণ থাকায় বিএমডিএফ থেকে নতুন ঋণ না পাওয়ায় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড—বিএমডিএফের উদ্যোগে রাজশাহীতে আয়োজিত ‘পরিকল্পিত নগর উন্নয়নে বিএমডিএফের ভূমিকা’ শীর্ষক সেমিনারে পৌর মেয়ররা এসব কথা তুলে ধরেন। গতকাল সোমবার রাজশাহী সিটি করপোরেশনের সরিৎ দত্ত গুপ্ত সম্মেলনকক্ষে সেমিনারে রাজশাহী বিভাগের ৩৭ জন পৌর মেয়র উপস্থিত ছিলেন। বিএমডিএফ অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি নিবন্ধিত কোম্পানি। এটি পৌরসভার উন্নয়নে অনুদান ও ঋণ দিয়ে থাকে। বিএমডিএফের ব্যবস্থাপনা পরিচালক কে এম নূরুল হুদার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমিরুল ইসলাম চৌধুরী, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার স্বপন কুমার রায়, বিশ্বব্যাংকের প্রতিনিধি জাহিদ এইচ খান, মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) ভারপ্রাপ্ত সভাপতি মো. আবদুল বাতেন ও সাধারণ সম্পাদক শামীম আল রাজী। প্রধান অতিথি এ এইচ এম খায়রুজ্জামান বলেন, নাগরিকদের সেবা সুনিশ্চিত করার জন্য স্থানীয় সরকার শক্তিশালী করা অপরিহার্য। এ ছাড়া জনস্বার্থে ব্যবহারের জন্য খাসজমি ও জলাশয়গুলোর দায়িত্ব পৌরসভা ও সিটি করপোরেশনের ওপর ন্যস্ত করা প্রয়োজন। তিনি আরও বলেন, নগর পরিচ্ছন্ন ও উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে জনসচেতনতা বাড়াতে হবে। আগামীর কথা চিন্তা করে ক্রমবর্ধমান জনসংখ্যা বিস্ফোরণ রোধে জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে হবে।