সরকারি প্রতিষ্ঠানই ভাঙছে পরিবেশ আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পরিবেশ আইন অমান্য করে একটি সরকারি প্রতিষ্ঠান নগরের ছোট বনগ্রাম এলাকায় পুকুর ভরাট করে আবাসন প্রকল্প নির্মাণের কাজ করছে। পরিবেশ অধিদপ্তর থেকে নোটিশ দিয়ে তাদের ভরাটকাজ বন্ধ করতে বলা হলেও তারা তা আমলে নেয়নি। তবে কর্তৃপক্ষ বলছে, খতিয়ানে এটি পুকুর শ্রেণিভুক্ত নয়। সেখানে তারা অনুমোদিত প্রকল্পের কাজ করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ছোট বনগ্রাম এলাকায় দুটি পুকুর ভরাট করে আবাসন প্রকল্প তৈরির কাজ করছে। ইতিমধ্যেই একটি পুকুর সম্পূর্ণ ভরাট করা হয়েছে এবং অপরটি ভরাটের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে৷ একজন ঠিকাদারকে ওই পুকুর ভরাটের দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিকাদার পুকুরের পাশে ঘর তুলে ভরাটের তদারকি করছেন। তারা রাত-দিন ট্রাকে করে মাটি ও বালি এনে ওই পুকুরে ফেলছে। শুরুর দিকে শুধু রাতে ভরাটের কাজ করা হলেও এখন সার্বক্ষণিক ভরাটকাজ চলছে৷
গত রোববার দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, শ্রমিকেরা ট্রাকে করে ফেলে যাওয়া বালি ও মাটি পুকুরের দিকে নামিয়ে দিচ্ছেন। ঠিকাদার আছে কি না জানতে চাইলে শ্রমিকেরা বলেন, ঠিকাদারের লোকেরা ঘরে আছেন। ঘরে গিয়ে কয়েকজন তরুণকে পাওয়া গেলেও তাঁরা কোনো কথা বলতে চাননি।
স্থানীয় লোকজন জানান, পুকুরগুলো ভরাট করে ফেলায় এলাকায় আর কোনো পানির উৎস থাকছে না৷ তা ছাড়া জলাশয় না থাকায় এলাকার পরিবেশও রুক্ষ হয়ে যাবে।
এ ব্যাপারে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নগর পরিকল্পক আজমেরী আশরাফীর সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘পুকুরটি আমাদের মাস্টারপ্ল্যানের (মহাপরিকল্পনা) অন্তর্ভুক্ত নয়। এ জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না৷ তার পরও তাদের কাছে ব্যাখ্যা চেয়ে একটা নোটিশ দেওয়া হয়েছে৷’
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ রাজশাহীর নির্বাহী পরিচালক কাজী ফজলুল করিম বলেন, আরএস-সিএস রেকর্ড অনুযায়ী এই জায়গা পুকুর শ্রেণিভুক্ত নয়। ১৯৬৩ সালের দিকে তাদের পক্ষ থেকে এই জমি যখন অধিগ্রহণ করা হয়, তখন খতিয়ানে এর শ্রেণি ছিল ইটভাটা। সিএস-আরএস দুটি রেকর্ডেই জমির শ্রেণি ইটভাটা হিসেবে উল্লেখ রয়েছে। পাশে রাস্তা করার সময় মাটি তোলার কারণে এই ডোবার সৃষ্টি হয়েছিল। আর তাদের প্রকল্পটি প্রধানমন্ত্রীর অনুমোদিত প্রকল্প। এ বিষয়ে প্রয়োজনীয় সব কাগজপত্র পরিবেশ অধিদপ্তর ও আরডিএ কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এ নিয়ে কোনো সমস্যা নেই।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন মোতাবেক অপরিহার্য জাতীয় স্বার্থে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট বা অন্য কোনোভাবে শ্রেণি পরিবর্তন করা যাবে না।
রাজশাহী পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে তাঁদের দেওয়া নোটিশের পরিপ্রেক্ষিতে গৃহায়ণ কর্তৃপক্ষ জবাব দিয়েছে। সেখানে তারা বলেছে জায়গাটি পুকুর শ্রেণির নয়। কিন্তু পরিবেশ অধিদপ্তর সরেজমিনে পরিদর্শন করে জায়গাটি জলাশয় হিসেবে পেয়েছে। তা ছাড়া আবাসন প্রকল্প করতে হলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হয়। সেটাও তারা করেনি৷ এ কারণে ১৫ মে ভরাটকাজ বন্ধ রাখার জন্য তিনি চিঠি দিয়েছেন।
এ ছাড়া রাজশাহী নগরে পুকুর ভরাট বিষয়ে ২০১০ সালের ১৩ ডিসেম্বর আরডিএর মহাপরিকল্পনাভুক্ত জলাশয়গুলো ভরাটের বিষয়ে স্থগিতাদেশ দেন অাদালত৷