সরকারি প্রতিষ্ঠানগুলোর অনিষ্পন্ন নিরীক্ষা আপত্তি ৮ লাখ ৫৩ হাজার ৩১৪টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রতিষ্ঠাগুলোর অনিষ্পন্ন নিরীক্ষা আপত্তির সংখ্যা ৮ লাখ ৫৩ হাজার ৩১৪টি। এর সঙ্গে জড়িত অর্থের পরিমাণ ৬ লাখ ১৫ হাজার ৬০৬ কোটি টাকা। গতকাল মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তর পর্বে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।
মুহিবুর রহমানের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন, নিরীক্ষা আপত্তি নিষ্পত্তিতে সরকারি হিসাব কমিটির আলোচনা, মামলা দায়ের ও গণদাবি আইন-১৯১৩-এর অধীনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে এসব অনিষ্পন্ন আপত্তির টাকা আদায়ের প্রক্রিয়া চলছে।
মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ মুনাফা অর্জনকারী ১০টি ব্যাংকের মুনাফার পরিমাণ ১০ হাজার ৫২০ কোটি ২৯ লাখ টাকা। ব্যাংকগুলো হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (১ হাজার ৭৪২ কোটি ৩২ লাখ টাকা), ইসলামী ব্যাংক (১ হাজার ৬২১ কোটি ২১ লাখ), অগ্রণী ব্যাংক (১ হাজার ১০২ কোটি ২৯ লাখ), জনতা ব্যাংক (১ হাজার ৫২ কোটি ৭২ লাখ টাকা), এইচএসবিসি (৯৬৯ কোটি ২৫ লাখ), ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (৮৮৫ কোটি ৬০ লাখ), সোনালী ব্যাংক (৮৫৫ কোটি ৩৪ লাখ), সাউথইস্ট ব্যাংক (৮২৮ কোটি ৯৯ লাখ), পূবালী ব্যা্ংক (৭৬৯ কোটি ৮০ লাখ) ও এবি ব্যাংক (৬৯২ কোটি ৭৫ লাখ) টাকা।
আবদুল ওয়াদুদের প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি ব্যাংকের মধ্যে একমাত্র বেসিক ব্যাংকে লোকসান রয়েছে।
নজরুল ইসলামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিশ্বব্যাংকের সঙ্গে ৬০টি প্রকল্প বাস্তবায়নের জন্য ৭ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছে। ইতিমধ্যে ১২টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। বর্তমানে বিশ্বব্যাংকের নিজস্ব অর্থায়নে এবং অন্য সহযোগীসহ অর্থায়নে সর্বমোট ৫৪টি প্রকল্পের কাজ চলমান আছে।
হুইপ শহীদুজ্জামান সরকার প্রশ্ন করেন, ইসলামী ব্যাংক সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) নামে জঙ্গিবাদী কার্যক্রমে অর্থায়ন করছে। এগুলো নজরদারি করার কোনো পরিকল্পনা আছে কি না?
জবাবে এম এ মান্নান বলেন, সিএসআরের আওতায় প্রতিষ্ঠানগুলো তাদের লাভ থেকে জনকল্যাণমূলক কাজে ব্যয় করে। বাংলাদেশ ব্যাংক নতুন সিএসআর নীতিমালা তৈরির কাজ করছে। আর যে বিষয়টি এখানে এসেছে (জঙ্গিবাদে অর্থায়ন), সেগুলোর অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে সংসদ কাজে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্র রাষ্ট্রকে রাজস্ব থেকে বঞ্চিত করছে। সরকার এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, এই চক্র ভেঙে দিতে না পারলে রাষ্ট্রের বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবণতা বন্ধ হবে না। এই চক্রকে সমূলে ধ্বংস করতে হবে।
স্বতন্ত্র সাংসদ তাহজীব আলম সিদ্দিকীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২৮টি বেসরকারি আইজিডব্লিইউ অপারেটরের কাছে অক্টোবর-২০১৪ পর্যন্ত অনাদায়ি সরকারি রাজস্বের পরিমাণ ৫৩৪ কোটি টাকা এবং আইজিডব্লিইউ অপারেটর হিসেবে ৩১ জানুয়ারি-২০১৫ পর্যন্ত বিটিসিএলের কাছে অনাদায়ি সরকারি রাজস্বের পরিমাণ ৯৫৪ কোটি ৪৬ লাখ টাকা। সেপ্টেম্বর-২০১৪ পর্যন্ত ২৫টি আইসিএক্স অপারেটরের কাছে অনাদায়ি সরকারি রাজস্বের পরিমাণ ৪১৮ কোটি ৯৬ লাখ টাকা। আইসিএক্স অপারেটর হিসেবে বিটিসিএলের কাছে অনাদায়ি সরকারি রাজস্বের পরিমাণ আনুমানিক ৪৬৫ কোটি টাকা। এসব প্রতিষ্ঠান অর্থ আত্মসাৎ করছে। নর্দমায় ফেলার মতো টাকার অপচয় করছে। এযাবৎ এদের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, তা বলা যাবে না। তবে সরকার কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
প্রশ্নোত্তরের আগে বিকেল পাঁচটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।