সরকারি প্রতিষ্ঠানগুলোয় চলে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা জেলা পরিষদ, পাউবো, এলজিআরডি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত মিলনায়তনে মাসিক উন্নয়ন কমিটির সভায় বক্তারা এসব অভিযোগ করেন।বৈঠকে বলা হয়, জেলা পরিষদে বিভিন্ন কাজের কার্যাদেশের বয়স চার মাস হলেও কাজ এখনো শুরু হয়নি। জেলা পরিষদ থেকে যে প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে, সেগুলোর মধ্যে শুভংকরের ফাঁকি আছে। ১০-১২ হাজার টাকা দিয়ে প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়। বাকি এক-দেড় লাখ টাকার কাজ সঠিকভাবে না করে লুটপাট চলে। এসব কাজে জেলা পরিষদের কোনো তদারকি নেই।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সম্পর্কে বক্তাদের অভিযোগ, ভোলা ধনিয়ার তুলাতুলি এলাকায় মেঘনার পাড়ে ৩৯ হাজার জিও ব্যাগ ফেলে বর্ষা মৌসুমেই জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধের কথা ছিল। অথচ মাত্র ১৬ হাজার ব্যাগ ফেলা হয়েছে। ফলে ব্লক-বাঁধ ও ভাঙন প্রতিরোধ তো হয়ইনি, উল্টো আরও কয়েক শ হাত ভেঙে ভোলা শহর হুমকির মধ্যে পড়েছে। বৈঠকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিআরডি) সম্পর্কে বলা হয়, এ বিভাগে বর্তমানে বেশির ভাগ কাজ গোপন দরপত্রের মাধ্যমে হচ্ছে। সম্প্রতি ১৫ কোটি টাকার ২৩টি গ্রুপের কাজের দরপত্র এমন একটি পত্রিকায় ছাপা হয়েছে যেটি ভোলায় আসে না। গোপন দরপত্র হওয়ার কারণে যে সমস্যা হচ্ছে, অফিস কমিশন ও ভ্যাট আয়কর বাদ দিলে বাকি থাকে ৫০-৬০ শতাংশ। এরপর ঠিকাদারের লাভ। সেখানেও বেশি লাভের আশায় ঠিকাদার ৩০-৪০ ভাগের বেশি কাজ করছেন না। এর কারণেই কোনো সড়ক নতুন করে নির্মিত হওয়ার পর বছর যেতে না-যেতেই গর্তে ভরে যাচ্ছে। ভবন ও সেতুতে ফাটল ধরেছে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সম্পর্কে বক্তারা অভিযোগ করেন, জেলার অধিকাংশ বিদ্যালয়ে শিক্ষকসংকট রয়েছে। যেখানে এক-দুজন শিক্ষক রয়েছেন, সেখান থেকে শিক্ষক বদলি করে যে বিদ্যালয়ে পাঁচ-ছয়জন শিক্ষক রয়েছেন সেখানে পাঠানো হচ্ছে। এ কাজটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অসাধু উপায়ে করছেন। উদাহরণ হিসেবে বক্তারা বলেন, লালমোহনের চর কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষক। সেখানে আরেকজন শিক্ষক দিয়ে এক মাসের মাথায় আবার সরিয়ে ফেলা হয়েছে। অথচ দুই বছর আগে কোনো শিক্ষক বদলি করার নিয়ম নেই। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রাথমিক স্কুলগুলোতে হ-য-ব-র-ল বাঁধিয়ে রেখেছেন জেলা শিক্ষা কর্মকর্তা। তাঁকে খুশি করতে পারলেই তিনি সব অনিয়মকে নিয়ম করছেন। এক স্কুলের শিক্ষক অন্য স্কুলে বসে বসে আড্ডা মেরে মাস শেষে বেতন তুলছেন বলেও অভিযোগ আছে।এসব অভিযোগ সম্পর্কে নিজ নিজ প্রতিষ্ঠানের উপস্থিত কর্মকর্তারা তাঁদের অবস্থান ও কারণ ব্যাখ্যা করেছেন। তাঁরা অধিকাংশই এসব অনিয়মের জন্য স্থানীয় সাংসদ, ক্ষমতাসীন দলের নেতাদের চাপকে দায়ী করেছেন।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল হাকীমের সভাপতিত্বে মাসিক উন্নয়ন কমিটির সভায় বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মো. সাঈফ উল্লাহ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সৈয়দ নেছার আহমেদ, লালমোহন উপজেলা চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলাম, দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, বাংলাদেশ জাতীয় পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা শাখার সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আবদুস সালামসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্তা-ব্যক্তিরা। সভায় জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম বলেন, ‘সব সময় চাপ থাকবে। তার পরও স্বচ্ছতার সঙ্গে প্রতিষ্ঠানের কর্মকর্তারা কাজ করতে চেষ্টা করবেন। কিছু সমস্যা আছে, তা স্থানীয় প্রশাসন সমাধান করতে পারে। অন্যদিকে যে সমস্যাগুলো কেন্দ্র থেকে সমাধান হতে পারে, সেগুলো আমরা রেজুলেশন আকারে কেন্দ্রে পাঠাব।’