সরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের আরও সম্পৃক্ত করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসন, সংসদসহ সরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের আরও সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য কমিশনার সাদেকা হালিম। প্রতিবন্ধীদের উন্নয়নে আমলা ও সুশীল সমাজ মিলে একটি প্লাটফর্ম তৈরিরও আহ্বান জানান তিনি।
আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টার মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা সাইটসেভার্স বাংলাদেশ আয়োজিত এক কর্মশালায় সাদেকা হালিম এসব আহ্বান জানান।
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাধামুক্ত একীভূত সমাজ, অধিকারবিষয়ক কর্মশালা ও প্রচারাভিযান শীর্ষক ওই কর্মশালায় তথ্য কমিশনার প্রশ্ন করেন, প্রতিবন্ধীরা কি এ দেশের নাগরিক নয়? তাদের নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্রের সাংবিধানিক ধারা আছে। কিন্তু তাদের নিরাপত্তা নিশ্চিত না করে রাষ্ট্র সেই সাংবিধানিক ধারা লঙ্ঘন করছে। তিনি আরও প্রশ্ন করেন, জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসন করা হয়েছে। কিন্তু তাঁদের মধ্যে একজনও প্রতিবন্ধীদের প্রতিনিধি নেই কেন? তিনি প্রশাসন ও সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
কর্মশালায় বক্তারা বলেন, প্রতিবন্ধীদের অধিকারে আইন হয়েছে কিন্তু বিধি না হওয়ার কারণে এ আইন ব্যবহার করা যাচ্ছে না। বক্তারা দ্রুত আইনের বিধি প্রণয়নের দাবি জানান।
প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারিভাবে ব্রেইলের পাঠ্যপুস্তক পাওয়া নিশ্চিত করা, তাদের কল্যাণে বিভিন্ন প্রকল্পে সমন্বয় করা, প্রতিবন্ধীদের অবকাঠামো ও চলাচলের ক্ষেত্রে উন্নয়ন করার প্রতি গুরুত্ব দেন বক্তারা।
প্রতিবন্ধীদের বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে আরও এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সংবাদ প্রকাশের সময় প্রতিবন্ধীদের যেন হেয় করা না হয়, সে বিষয়টি সতর্কতার সঙ্গে বিচার করতে হবে।
কর্মশালায় সূচনা বক্তব্য দেন সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া, মূল প্রবন্ধ পড়েন প্রতিষ্ঠানটির পরামর্শক ও যোগাযোগ সমন্বয়ক আলীম বারি। আলোচনায় অংশ নেন সেন্টার ফর ডিজএবিলিটি ইন ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান, ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটির সভাপতি মোশারফ হোসেন মজুমদার, ট্রাস্টি ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান মনসুর আহমেদ চৌধুরী প্রমুখ।