সরকারি প্রতিষ্ঠানে শিবিরের হামলা ২০০ গাছ কেটে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গতকাল বুুধবার পর্যায়ক্রমে ছাত্রলীগের তিন নেতাকে শিবিরের নেতা-কর্মীরা কুপিয়ে ও পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে তাঁরা রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন।
একই দিন রায়পুর উপজেলার বিভিন্ন সড়কের সরকারি প্রায় ২০০টি গাছ কেটে সড়ক অবরোধ করা হয়। এতে করে উপজেলায় সড়ক যোগাযোগ পুরোপুরি ভেঙে পড়েছে।
এদিকে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার ঘোষণা শোনার পর মঙ্গলবার রাতে জামায়াত-শিবিরের কর্মীরা লক্ষ্মীপুর জেলা পরিষদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ইসলামী ফাউন্ডেশন, পশু হাসপাতাল, কমলনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়, রাসেল স্মৃতি সংসদ, বাসদের কার্যালয়সহ জেলার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিন উদ্দিন বুধবার সকালে রায়পুর শহর থেকে মিতালি বাজার এলাকার নিজ বাড়িতে ফিরছিলেন। সোলাখালী সেতু এলাকায় পৌঁছালে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। তাঁকে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বেলা ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ বিন জাকারিয়া ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিহাব হোসেন আহত মহিন উদ্দিনকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তখন শিবিরের সশস্ত্র নেতা-কর্মীরা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে তাঁদের আহত করেন এবং মারুফের মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেন।
দুপুর দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে মহিনকে অ্যাম্বুলেন্সে তোলার প্রস্তুতি নিলে শিবিরের শতাধিক নেতা-কর্মী স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে হামলা চালিয়ে বিভিন্ন কক্ষের দরজা-জানালা ভাঙচুর করেন এবং আহত ছাত্রলীগের নেতাসহ কয়েকজনকে মারধর করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা খালেদ বলেন, মহিনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর ফুসফুসে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। দুর্বৃত্তরা হাসপাতালের বহির্বিভাগে হামলা চালিয়েছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলে জানান তিনি।
এদিকে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার ঘোষণা শোনার পর পরই মঙ্গলবার সন্ধ্যায় দুই ঘণ্টা ধরে কমলনগর উপজেলায় জামায়াত-শিবিরের কর্মীরা ব্যাপক তাণ্ডব চালান। তাঁরা চরলরেঞ্চ বাজারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়, রাসেল সঞ্চৃতি সংসদ এবং হাজিরহাট বাজারে উপজেলা বাসদের কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নুরুল ইসলামের বাড়িতে হামলা করা হয়। এর আগে জামায়াত-শিবিরের কর্মীরা হাজিরহাট বাজার, চরলরেঞ্চ বাজার, কড়ইতলা ও তোরাবগঞ্জ বাজার এলাকায় লাঠি মিছিল বের করেন। মিছিল থেকে অবিরাম ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তাঁরা আতঙ্ক সৃষ্টি করেন।
মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর জেলা পরিষদ, কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর, ইসলামী ফাউন্ডেশন, পশু হাসপাতালসহ বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর করা হয়। লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের ইটেরপোল এলাকায় সড়ক কেটে দিয়ে যান চলাচল বন্ধ করে দেন জামায়াত-শিবিরের কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা লাটিসোঁটা নিয়ে শহরে মিছিল করেন। এ সময় মহাসড়কের দুই পাশের গাছ কেটে এবং ইটপাটকেল ছড়িয়ে রেখে সড়ক অবরোধ করে রাখেন তাঁরা। পরে তাঁরা সরকারি বিভিন্ন কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন।
সদর থানার ওসি ইকবাল হোসেন বলেন, ভাঙচুরের ঘটনায় মামলা হবে। যোগাযোগ ব্যবস্থা সচল করার কাজ চলছে। রায়পুর উপজেলায় গতকাল বিভিন্ন সড়কের প্রায় ২০০টি গাছ কেটে সড়ক অবরোধ করেন ১৮ দলের নেতা-কর্মীরা। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, ‘অসংখ্য গাছ কেটে সড়কে ফেলায় যোগাযোগব্যবস্থা অচল হয়ে পড়েছে। আমরা অসহায়। কিছুই করতে পারছি না।’