সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের জিলুকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলছে ঝুঁকিপূর্ণ একটি ভবনে। ঝুঁকির মুখে গ্রামবাসী তাঁদের সন্তানদের দূরের বিদ্যালয়ে পাঠাতে বাধ্য হচ্ছে। বিদ্যালয় সূত্র জানায়, ১৯৯৪ সালে বিদ্যালয়ের চার কক্ষের একটি ভবন নির্মাণ করা হয়। ২০০৭ সালেই স্থানীয় প্রকৌশল অধিদপ্তর ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে। এতদিনেও এখানে কোনো নতুন ভবন তৈরি হয়নি। বিদ্যালয়ের খেলার মাঠটি স্থানীয় লোকজনের দখলে রয়েছে। এ অবস্থায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন কমছে। বর্তমানে বিদ্যালয়টিতে চারজন শিক্ষক ও মাত্র ১৩০ জন শিক্ষার্থী রয়েছে। সরেজমিনে দেখা যায়, ভবনটির বারান্দার ছয়টি খুঁটির সব কটি ভেঙে রড বের হয়ে গেছে। চারটি কক্ষের ছাদের ও দেয়ালের পলেস্তরা খসে পড়েছে। ভবনের বিভিন্ন অংশে ভাঙন ও ফাটলের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে। এ ছাড়া এখানে কোনো শৌচাগার নেই। একটি চাপ কল থাকলেও তার পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে। তাই চাপকলটি পড়ে আছে। বেঞ্চ রয়েছে মাত্র ১৫ জোড়া। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সিফাত মিয়া বলে, ‘এই বিদ্যালয়ে ক্লাস করতে আমার ডর করে।’ জিলুকদারপাড়া গ্রামের বাসিন্দা জিতু মিয়া বলেন, ‘এই স্কুল ভবনের বেহাল দশার কারণে আমি আমার সন্তানকে দূরের স্কুলে ভর্তি করতে বাধ্য হয়েছি। এখানে সন্তানকে পাঠানো আর মৃত্যুর মুখে ঠেলে দেওয়া একই কথা।’জানা যায়, মাঝেমধ্যে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পলেস্তরা খসে পড়ে। সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয়ের ভবনে থাকা যায় না। জীবনের ঝুঁকি নিয়েই এখানে পাঠদান চালানো হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন সুলতানা বলেন, ‘বাড়ি বাড়ি ঘুরে শিশুদেরকে বিদ্যালয়ে নিয়ে আসি। কিন্তু পরক্ষণেই আতঙ্কে অভিভাবকেরা তাদের সন্তানদের ধরে নিয়ে যান।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম বলেন, ওই বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কয়েক দফা লিখিত আবেদন পাঠিয়েছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না। উপজেলা প্রকৌশলী মাহবুবুল আলম বলেন, অনেক আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার প্রস্তাব পাঠিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আনিসুজ্জামান খান বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে সেখানে নতুন ভবন নির্মাণের চেষ্টা চালাবো।’