সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারছে না শিশুরা
প্রধান শিক্ষকই বিদ্যালয়টির একমাত্র শিক্ষক। তিনিও নিয়মিত না আসায় ক্লাস হওয়া তো দূরের কথা, ভর্তি পর্যন্ত হতে পারছে না শিক্ষার্থীরা। এটি হচ্ছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খাগড়াছড়ি গ্রামের কচুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত রোববার সরেজমিনে বিদ্যালয়টিতে গেলে গ্রামবাসী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মাত্র একজন শিক্ষক দিয়ে চলছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। তিনিও মাসে এক-দুই বারের বেশি আসেন না। বিদ্যালয়টি চালু রাখতে স্থানীয়ভাবে তিনজন শিক্ষক নিয়োগ দিয়েছেন তাঁরা। চাঁদা তুলে ওই তিনজনকে বেতন দেওয়া হয়। বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শিক্ষকের কক্ষে তালা। শ্রেণীকক্ষগুলো খোলা থাকলেও কোনো শিক্ষক নেই। শিক্ষার্থীরা মাঠে হইচই করছে। শিক্ষক হিসেবে কাজ করা যুবকেরা সেদিন পাঠদান করতে আসেননি। দুই বছর ধরে এ অবস্থা চলছে বলে জানান অভিভাবক নিরঞ্জন চাকমা। আরেক অভিভাবক প্রতুল দেওয়ান ঁজানান, এখানকার একমাত্র শিক্ষক যিনি আছেন, তিনি ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত। আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া তো দূরের কথা, নতুন শিক্ষার্থী ভর্তিই হতে পারছে না। এ মাসে মাত্র দুই দিন ওই শিক্ষক আসায় ৯৮ জন ভর্তি হয়েছে। তিনি নিয়মিত এলে এ পর্যন্ত ২০০-এর বেশি ছেলেমেয়ে ভর্তি হতো।প্রধান শিক্ষক রহমত উল্লাহ দেওয়ান বলেন, ‘আমি প্রায়ই বিদ্যালয়ে যাই। তবে একা হওয়ায় ঘণ্টা দুয়েকের মতো ক্লাস করে চলে আসি।’উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ে মোট তিনজন শিক্ষকের জায়গায় আছেন মাত্র একজন। সরকার থেকে ভবিষ্যতে কোনো নিয়োগ দেওয়া হলে ওখানে শিক্ষক দেওয়া হবে। বিদ্যালয়টিতে রহমত উল্লাহই একমাত্র শিক্ষক হওয়ায় তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া যাচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভূঁইয়া বলেন, সরেজমিনে দেখে বিদ্যালয়টির সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।