সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ৪৪ হাজার ৬০৯ জন।গতকাল বৃহস্পতিবার এই ফল প্রকাশ করা হয়। উত্তীর্ণদের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ১২ হাজার ২৮১ জন এবং মহিলা প্রার্থীর সংখ্যা ৩২ হাজার ৩২৮ জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে।গত ২৪ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। লিখিত পরীক্ষায় মোট নয় লাখ সাত হাজার ৯২৬ জন প্রার্থী অংশ নেন।লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের লক্ষ্যে তাঁদের ক্রমিক নম্বরের তালিকা ইতিমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে। এসব প্রার্থীর জেলাওয়ারি ক্রমিক নম্বরের তালিকা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের জেলাওয়ারি রোল নম্বর পাওয়া যাবে।