সরকারি প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি
প্রধান শিক্ষকদের বেতন-সংক্রান্ত জটিলতা নিরসনসহ কয়েকটি দাবিতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গতকাল সোমবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে।
সমিতির সহসভাপতি জুলফিকার আলী প্রথম আলোকে বলেন, প্রায় সারা দেশেই তাঁদের সংগঠনের কার্যক্রম আছে। এ জন্য সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই কর্মবিরতি পালিত হয়েছে।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, মূলত এই সংগঠনভুক্ত শিক্ষকেরাই কর্মবিরতি পালন করেছেন। আরও কয়েকটি সংগঠন পৃথকভাবে কর্মসূচি পালন করেছে। এর মধ্যে প্রাথমিক সহকারী শিক্ষক ফেডারেশন গতকাল পর্যন্ত তিন দিন তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছে। তারা আজ মঙ্গলবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে। এই ফেডারেশনের মূল দাবি হলো অষ্টম বেতন স্কেলে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে অন্তর্ভুক্ত করা এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখা।
এদিকে প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা ও জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে অন্তর্ভুক্ত করাসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারকে সময় বেঁধে দিয়েছে। এর মধ্যে দাবি পূরণ না হলে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ অক্টোবর থেকে ৫ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার কর্মবিরতি ও ৬ অক্টোবর থেকে লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে। এ ছাড়া ১ থেকে ১০ অক্টোবর পর্যন্ত প্রধান শিক্ষকদের চেয়ারে না বসে সেটি কালো কাপড়ে ঢেকে রাখার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।