সরকারি প্রাথমিকের পুলভুক্ত শিক্ষকদের দাবি বিবেচনাধীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুলভুক্ত শিক্ষকদের দাবিদাওয়া সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, শিক্ষা খাতে এগিয়ে যাওয়ার পেছনে শিক্ষকদের অবদান বড় করে দেখে সরকার। এ খাতে সরকার কোনো অন্তরায় রাখতে চায় না।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলা প্রশাসন চত্বরে পুলভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবিদাওয়া-সংবলিত একটি স্মারকলিপি গ্রহণকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। স্মারকলিপিতে পুলভুক্ত শিক্ষকেরা তাঁদের বেতনবৈষম্য ও সরকারি ছুটিসহ অন্যান্য ছুটি পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করা এবং অসুস্থতা বা দুর্ঘটনাজনিত ছুটি বাড়ানোর মতো বিভিন্ন দাবি তুলে ধরেন। এ সময় তাঁদের বেতনবৈষম্য দূর করার চেষ্টা চালানো হবে বলে আশ্বাস দেন নুরুল ইসলাম নাহিদ।
স্মারকলিপি প্রদানের সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আহাদ, ইউএনও আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।