সরকারি প্লট আ.লীগের নেতার ভাইয়ের দখলে!
রাঙামাটিতে আওয়ামী লীগের এক নেতার ছোট ভাইয়ের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কোটি টাকার একটি প্লট দখলের অভিযোগ উঠেছে। দখল করা প্লটটি আজ শুক্রবারের মধ্যে ছেড়ে দিতে চিঠি দিয়েছেন রাঙামাটি পাউবোর নির্বাহী প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর। পাউবো সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের ছোট ভাই নাজিম উদ্দিন শহরের তবলছড়ি ওয়াপদা কলোনির পাউবোর মালিকানাভুক্ত ২৪৪ নম্বর প্লটের পুরোনো ঘরটি ভেঙে গত রোববার দিবাগত রাতে নতুন ঘর তৈরি করেন। পাউবোর হিসাব অনুযায়ী, পাঁচ হাজার ৫৬ দশমিক ৫০ বর্গফুটের ওই প্লটের দাম এক কোটি টাকারও বেশি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ওই রাতে নাজিম উদ্দিন কয়েকজন শ্রমিকসহ টিন ও খুঁটি নিয়ে ওই স্থানে ঘর নির্মাণ শুরু করেন। কিছুক্ষণ পর পুলিশের কয়েকজন সদস্য সেখানে এলেও কিছু না বলে চলে যান। পরদিন বেশ কয়েকজন লোকসহ নাজিম উদ্দিন প্রায় সারা দিন সেখানে ছিলেন এবং বাড়ি নির্মাণ সম্পন্ন করেন। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ওয়াপদা কলোনির পুরাতন পোস্ট অফিস কলোনি সড়কের পাশে টিন দিয়ে বাড়ি নির্মাণ করা হয়েছে। একই প্লটে বাড়ির উত্তর ও পূর্ব পাশে অনেক খালি জায়গা রয়েছে। সেসব জায়গাও নাজিম উদ্দিন দখল করেছেন বলে পার্শ্ববর্তী লোকজন জানান।পাউবোর নির্বাহী প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর বলেন, ‘বাড়ি নির্মাণের খবর পাওয়ার পরপরই ঘটনাটি কোতোয়ালি থানায় জানানো হয়। পরে জানতে পারি, পুলিশ এসে ঘুরে গেলেও বাধা দেয়নি। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে নাজিম উদ্দিনকে সেখানে দেখতে পাই। এ সময় নাজিম উদ্দিনকে ঘর নির্মাণ বন্ধের অনুরোধ করি। তাঁকে জানাই প্লটটির ব্যাপারে চট্টগ্রাম দেওয়ানি জজ আদালতে একটি মামলা রয়েছে। কিন্তু নাজিম উদ্দিন কথা না শুনে ঘর নির্মাণ অব্যাহত রাখেন। আজকের (শুক্রবার) মধ্যে দখল তুলে নিতে নাজিম উদ্দিনকে চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠির অনুলিপি বাজারফান্ড প্রশাসন ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে।’ শিবেন্দু খাস্তগীর আরও জানান, একই দিন প্লটটি নিয়ে মামলা বিচারাধীন আছে বলে উল্লেখ করে সেখানে কোনো স্থাবর-অস্থাবর স্থাপনা নির্মাণ, বসবাস এবং ভাড়া গ্রহণ না করার বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্তু সেই বিজ্ঞপ্তিটি সেখান থেকে তুলে ফেলা হয়। প্লটটি ১৯৬০ সাল থেকে পাউবোর দখলে আছে। ১৯৮০ সালে ওই স্থানের ভূমিব্যবস্থাপনা বাজারফান্ড প্রশাসনের অধীনে দেওয়া হয়। তখন বাজারফান্ড প্রশাসন ওই প্লটসহ সাতটি বসতবাড়ির প্লট পাউবোকে বন্দোবস্ত দেয়। পরে বাজারফান্ড প্রশাসন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হাতে হস্তান্তরিত হওয়ার পর ১৯৯৫ সালে সালামি খাজনার জন্য চিঠি দেওয়া হয়। তখন থেকে সালামি খাজনার জটিলতা নিয়ে বাজারফান্ড প্রশাসনের সঙ্গে পাউবোর মামলা চলছে।নাজিম উদ্দিন বলেন, তিনি ওই স্থানে ১২ শতাংশ জমি বন্দোবস্ত পেতে বাজারফান্ড প্রশাসনে আবেদন করেন। সেই হিসাবে তিনি সেখানে ঘর নির্মাণ করেছেন। বাজারফান্ড প্রশাসন বন্দোবস্তের জন্য সব কাগজপত্র দিয়েছে। পাউবোর দাবি সঠিক নয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বলেন, ‘আমি কিছুই জানি না। সেখানে আমার কোনো হাতও নেই। নাজিম আমার ছোট ভাই হওয়ায় অনেকে আমাকে জড়িয়ে নানা কথা বলছে। প্রশাসনের উচিত তাদের কাজ করে যাওয়া।’এ ব্যাপারে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও বাজারফান্ড প্রশাসনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশীদ খান বলেন, ‘পাউবোর জায়গা দখলের বিষয়টি আমার জানা নেই। শুধু নাজিম উদ্দিন নন, গত দুই বছরে বন্দোবস্তের একটি আবেদনও আমরা গ্রহণ করিনি।’রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মাসুদ-উল হাসান বলেন, ‘সরকারি জায়গা দখলের বিষয়টি আমার জানা নেই। পাউবোর পক্ষ থেকে কোনো চিঠিও আসেনি।’