আবাসন ব্যবসায়ীদের কাছ থেকে কেনা ফ্ল্যাট নিবন্ধনেও উৎসে আয়কর কমানো হয়েছে
সরকারি প্লট-ফ্ল্যাট নিবন্ধনে আয়কর দিতে হবে না

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ (রাজউক) বিভাগীয় সব উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক) থেকে পাওয়া প্লট বা ফ্ল্যাট নিবন্ধনের জন্য এখন থেকে আর কোনো গ্রাহককে আয়কর দিতে হবে না। বেসরকারি আবাসন ব্যবসায়ীদের কাছ থেকে কেনা বাড়ি-ফ্ল্যাট নিবন্ধনের ক্ষেত্রেও উৎসে আয়করের হার কমানো হয়েছে। চলতি জুলাই মাস থেকে সারা দেশে এই নিয়ম কার্যকর হয়েছে। সরকারের নিবন্ধন পরিদপ্তরের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। জানতে চাইলে মহাপরিদর্শক, নিবন্ধন (আইজিআর) খান মো. আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, বিদ্যমান আয়কর অধ্যাদেশ (১৯৮৪) এবং নিবন্ধন আইনের (১৯০৮) সংশ্লিষ্ট ধারাগুলো পর্যালোচনা করে দেখা গেছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে লিজ দলিল নিবন্ধনের সময় উৎসে কর বা উৎসে আয়কর আদায়যোগ্য নয়। কারণ ব্যাখ্যা করে আইজিআর বলেন, উক্ত আইন অনুযায়ী লিজদাতা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে আবাসন ব্যবসায়ী হিসেবে গণ্য করা যায় না। অপর দিকে লিজগ্রহীতাও ওই সব সংস্থার কাছ থেকে কোনো ভূসম্পত্তির স্থায়ী মালিকানা পান না। একটি নির্দিষ্ট সময়ের জন্য (সাধারণত ৯৯ বছর) লিজ পেয়ে থাকেন। এ দুটি কারণেই এসব সংস্থার কাছ থেকে লিজ দলিল গ্রহণে আয়কর আদায়যোগ্য নয়। সে জন্যই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। অনেক দিন ধরে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর মধ্যে আলাপ-আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের সব নিবন্ধন কার্যালয়ে চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। সরকারি এ সিদ্ধান্তের ফলে উপরোক্ত সংস্থাগুলোর কাছ থেকে বরাদ্দ পাওয়া প্লট বা ফ্ল্যাট নিবন্ধনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বড় অঙ্কের টাকা সাশ্রয় হবে।নিবন্ধন পরিদপ্তরের সূত্রগুলো জানায়, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর আওতায় রাজউক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক) প্রভৃতি প্রতিষ্ঠানের উন্নয়ন করা ভূমি বা প্লট, ভবন বা ফ্ল্যাটের লিজ দলিল নিবন্ধনের সময় আয়কর অধ্যাদেশের ৫৩ এইচ ধারা অনুযায়ী উৎসে কর এবং ওই অধ্যাদেশের ৫৩ এফএফ ধারা অনুযায়ী উৎসে আয়কর আদায়যোগ্য কি না, সে বিষয়ে বিভ্রান্তির সৃষ্টি হওয়ায় প্রথমে তারা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতামত গ্রহণ করে।
গত ৩ ফেব্রুয়ারি দেওয়া এনবিআরের মতামতে ওই বিভ্রান্তির সম্পূর্ণ অবসান না হওয়ায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অণুবিভাগের মতামত চাওয়া হয়। গত ২০ মে ওই বিভাগ থেকে দেওয়া মতামতে বলা হয়, আয়কর অধ্যাদেশের ৫৩(এইচ) ধারায় নিবন্ধন আইন ১৯০৮-এর ১৭ ধারার ১(বি), ১(সি) এবং ১(ই) উপধারার অধীনে হস্তান্তরিত দলিল নিবন্ধনের সময় শর্ত সাপেক্ষে বা ক্ষেত্রমতে সম্পত্তির মূল্যের ওপর সরকারের নির্ধারিত হারে আয়কর আদায়ের বিধান রয়েছে।
কিন্তু নিবন্ধন আইনের ১৭ ধারার ১(এ), ১(এএ), ১(ডি), ১(এফ) ও ১(জি) উপধারায় যথাক্রমে বর্ণিত দানপত্র বা হেবা, হেবা ঘোষণা, দান-সম্পর্কিত ঘোষণা, লিজ, ওয়ারিশি সম্পত্তির বণ্টননামা কিংবা আদালতের আদেশে বিক্রয় দলিলের ওপর উৎসে কর (পূর্বোক্ত ৫৩ এইচ ধারা) আরোপ করা হয়নি।
আয়কর অধ্যাদেশের ৫৩ এফএফ ধারায় আবাসন ও ভূমি উন্নয়ন ব্যবসার ক্ষেত্রে ব্যক্তির কাছ থেকে কর আদায়ের বিষয়ে উল্লেখ করা হয়েছে। কিন্তু আবাসন উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ২(১২), ২(১৫), ২(১৫) ও ৫ ধারামতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, বিসিক, রাজউক, সিডিএ, আরডিএ, কেডিএ—এ ধরনের প্রতিষ্ঠান আবাসন ব্যবসায়ী হিসেবে নিবন্ধনযোগ্য নয়। এই প্রতিষ্ঠানগুলো সম্পত্তি কেনাবেচার মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে না। তাই এই প্রতিষ্ঠানগুলোকে উক্ত আইনের ২(১২) ও ২(১৫) ধারার সংজ্ঞা অনুযায়ী আবাসন বা ভূমি উন্নয়ন ব্যবসায়ী হিসেবে বিবেচনা করা যায় না।
সুতরাং আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ৫৩এফএফ এবং ৫৩এইচ(১) ধারা অনুযায়ী জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, বিসিক, রাজউক, সিডিএ, আরডিএ, কেডিএ—প্রভৃতি প্রতিষ্ঠানের উন্নয়নকৃত ভূমি বা প্লট, ভবন বা ফ্ল্যাট বিভিন্ন ব্যক্তি বা কর্তৃপক্ষের বরাবর সম্পাদিত লিজ দলিল নিবন্ধনের সময় কর আদায়যোগ্য নয়। এই মতামতের ভিত্তিতে বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।
বেসরকারি খাত: ১ জুলাই এনবিআরের এক চিঠিতে আইজিআরকে জাননো হয়েছে, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ৫৩এফএফ ধারার আওতায় আবাসন ব্যবসায়ীদের কাছ থেকে কেনা বাড়ি বা ফ্ল্যাট নিবন্ধনের সময় উৎসে আয়কর সংগ্রহের হার পুনর্নির্ধারণ করা হয়েছে।
পুনর্নির্ধারিত হার অনুযায়ী গুলশান, বনানী, বারিধারা, মতিঝিল ও দিলকুশা এলাকার আবাসিক ভবন বা ফ্ল্যাট নিবন্ধনের ক্ষেত্রে প্রতি বর্গমিটারে উৎসে আয়কর কাটা হবে এক হাজার ৬০০ টাকা। আগে এই হার ছিল দুই হাজার টাকা। ওই এলাকার অনাবাসিক ভবন বা ফ্ল্যাটের ক্ষেত্রে এই হার হবে প্রতি বর্গমিটারে ছয় হাজার ৫০০ টাকা, যা আগে ছিল সাত হাজার টাকা।
ধানমন্ডি, ডিওএইচএস (মহাখালী), লালমাটিয়া, উত্তরা, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা সেনানিবাস, কারওয়ান বাজার, চট্টগ্রামের খুলশী, আগ্রাবাদ ও নাসিরাবাদ এলাকার আবাসিক ভবন বা ফ্ল্যাট নিবন্ধনের ক্ষেত্রে প্রতি বর্গমিটারে উৎসে আয়কর কাটা হবে এক হাজার ৫০০ টাকা। এর আগে এই হার ছিল দুই হাজার টাকা। ওই এলাকার অনাবাসিক ভবন বা ফ্ল্যাটের ক্ষেত্রে এই হার হবে প্রতি বর্গমিটারে পাঁচ হাজার ৫০০ টাকা, যা আগে ছিল ছয় হাজার টাকা।
দেশের অন্যান্য এলাকার আবাসিক ভবন বা ফ্ল্যাট নিবন্ধনের ক্ষেত্রে প্রতি বর্গমিটারে উৎসে আয়কর কাটা হবে ৬০০ টাকা। এর আগে এই হার ছিল এক হাজার টাকা। ওই সব এলাকার অনাবাসিক ভবন বা ফ্ল্যাটের ক্ষেত্রে এই হার হবে প্রতি বর্গমিটারে এক হাজার ৬০০ টাকা, যা আগে ছিল দুই হাজার টাকা।