সরকারি ফ্ল্যাটের দাম বাড়িয়ে দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ সময়মতো গ্রাহকদের ফ্ল্যাট দিতে না পারলেও অস্বাভাবিক হারে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে কর্তৃপক্ষের বোর্ড সভায় মোহাম্মদপুর এফ ব্লকের ৮০০ বর্গফুটের ফ্ল্যাটের দামের সঙ্গে অতিরিক্ত ২৫ লাখ এবং ১ হাজার বর্গফুটের ফ্ল্যাটে ২৮ লাখ টাকা বাড়ানোর বিষয় অনুমোদিত হয়েছে। এটা বাস্তবায়িত হলে ৮০০ বর্গফুটের ফ্ল্যাট প্রায় ৫৫ লাখ এবং ১ হাজার বর্গফুটের ফ্ল্যাটের দাম পড়বে প্রায় ৬৫ লাখ টাকা।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দায়িত্বশীল সূত্রে এই তথ্য পাওয়া যায়। ভবন নির্মাণে সর্বশেষ বাজারদর অনুসরণ করার কারণে ব্যয় বেড়ে গেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবি করছেন। বিষয়টি বোর্ড সভায় অনুমোদনের পর মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ফ্ল্যাটের দাম প্রতি বর্গফুট ৪ হাজার ৫০০ টাকা হতে পারে। নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ায় দাম বাড়ানো হচ্ছে কি না, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। মন্ত্রী বলেন, উত্তরায় রাজউকের নতুন ফ্ল্যাটের দাম বাড়ানো হচ্ছে না। বরং নতুন যাঁরা ফ্ল্যাট নিচ্ছেন, তাঁরা প্রতি বর্গফুট ৪ হাজার ৫০০ টাকা দরে কিনতে পারবেন। আগে নির্ধারিত ছিল ৪ হাজার ৮০০ টাকা।
মোহাম্মদপুর এফ ব্লকে ফ্ল্যাটের দাম অতীতেও দফায় দফায় বাড়ানো হয়। কয়েকজন ক্রেতা প্রথম আলোকে বলেছেন, এবার দাম বাড়ানো হলে তাঁরা মানবেন না। আইনের আশ্রয় নেওয়ার পাশাপাশি আন্দোলনের পথ বেছে নেবেন।
আদাবর থানার বিপরীতে সাত একর জায়গা নিয়ে এফ ব্লক প্রকল্প এলাকা। ১৯৯৭ সালে এখানে প্লট দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া হয়। ২০০৯ সালে প্লটের বদলে ফ্ল্যাটের জন্য আবেদনপত্র নেওয়া হয়। এখানে মোট ১৫টি ১৬ তলা ভবন নির্মিত হচ্ছে। এখন পর্যন্ত এক থেকে তিন নম্বর ভবনের কাজ প্রায় শেষ হয়েছে।
এফ ব্লকে ৯০০ আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প অনুমোদন হয় ২০০৬ সালে। তখন ৮০০ বর্গফুটের (সব মিলিয়ে ১১৯০) ফ্ল্যাট প্রতি বর্গফুট ১ হাজার ৫৯৬ টাকা হিসাবে ১৬ লাখ ৩১ হাজার টাকা ধার্য করা হয়। আর ১ হাজার বর্গফুটের (সব মিলিয়ে ১৩৯০) ফ্ল্যাটের দাম ধরা হয় ১৯ লাখ ৬৬ হাজার টাকা।
২০০৯ সালে ৮০০ বর্গফুট ফ্ল্যাটের দাম বাড়িয়ে ২৯ লাখ ৮০ হাজার টাকা এবং ১০০০ বর্গফুটের দাম নির্ধারণ করা হয় ৩৫ লাখ ৯০ হাজার টাকা। গ্রাহকেরা এ বছর পর্যন্ত এই দরেই তিন-চারটি কিস্তির টাকা পরিশোধ করেছেন।
সম্প্রতি এফ ব্লক প্রকল্পকারীদের প্রস্তাবের ভিত্তিতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বোর্ড সভায় সিদ্ধান্ত হয়, ৮০০ ও ১০০০ বর্গফুটের ফ্ল্যাটের প্রতি বর্গফুটের দাম হবে ৪ হাজার ৬০০ টাকা। এর ফলে ৮০০ বর্গফুটের ফ্ল্যাটের দাম পড়বে ৫৪ লাখ ৭৫ হাজার টাকা। আর ১০০০ বর্গফুটের মোট দাম হবে ৬৩ লাখ ৯৫ হাজার টাকা। এর বাইরে গাড়ি পার্কিং বাবদ আরও ৪ লাখ টাকা দিতে হবে।
মোহাম্মদপুর এফ ব্লক ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি নামে একটি সংগঠন হয়েছে। এর একজন নেতা মো. ফারুকুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘২০ বছর ধরে আমরা অপেক্ষা করছি। গৃহায়ণ কর্তৃপক্ষ আমাদের প্লট বা ফ্ল্যাট বুঝিয়ে দিতে পারেনি। এখন দাম দ্বিগুণ বাড়ানোর পাঁয়তারা করছে। যদি সত্যিই বাড়ানো হয়, তাহলে আদালতে রিট আবেদন করা হবে। গৃহায়ণ কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হবে। প্রয়োজনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হবে।’
এফ ব্লকের প্রকল্প পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, আগের বাজারদরের তুলনায় বর্তমান বাজারদর অনেক বেশি। ২০১৪ সালের শিডিউল অনুযায়ী নির্মাণ হচ্ছে। এখন পর্যন্ত দাম বাড়ানোর সিদ্ধান্ত বহাল আছে। প্রথম চার কিস্তির টাকা বাড়তি দামেই গ্রাহকদের পরিশোধ করতে হবে। কারণ, বাড়তি খরচ কে দেবে? সরকারের ভর্তুকি দেওয়ার সুযোগ নেই।
খোঁজ নিয়ে জানা যায়, প্রকল্প পিছিয়ে যাওয়ার জন্য ফ্ল্যাটের ক্রেতা বা গ্রাহকেরা কোনোভাবেই দায়ী নন। প্রকল্পের জায়গা অবৈধ দখলে ছিল, দখলদারদের উচ্ছেদ করতে কর্তৃপক্ষ সময় নেয়। জায়গা নিয়ে মামলাও হয়েছে। ২০১০ সালে পাইলিং শুরু হলে এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে ঝামেলা হয়। এ কারণেও দীর্ঘদিন কাজ বন্ধ থাকে। প্রকল্প পরিচালক বলেন, বর্তমানে কাজ এগিয়ে চলছে। ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই ৩০০ ফ্ল্যাটের দখল বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।