সরকারি বই বিক্রি প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় গত সোমবার সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রি করা হয়েছে। পরে ভ্যানে করে এসব বই নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী প্রায় এক হাজার পাঠ্যবই জব্দ করেন। এ ঘটনায় স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে গতকাল মঙ্গলবার স্থানীয় লোকজন বিক্ষোভ করেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সন্তোষপুর আদর্শ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস আলী সোমবার বিকেলে ২০১৬ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির এসব নতুন পাঠ্যবই কেজি দরে বিক্রি করেন। বিকেলে ক্রেতা সেগুলো বিদ্যালয় থেকে ভ্যানে করে নিয়ে উপজেলা শহরে যাচ্ছিলেন। পথে আলেপের তেপতি এলাকায় ভ্যানটির গতিরোধ করেন স্থানীয় লোকজন। এ সময় ক্রেতা ও ভ্যানচালক দৌড়ে পালিয়ে যান। খবর পেয়ে উপজেলা মাধ্যমিক কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার নিখিল বর্মণ ঘটনাস্থলে যান। তিনি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিয়াকত আলীর উপস্থিতিতে ষষ্ঠ শ্রেণির ৬৬৮টি, সপ্তম শ্রেণির ১১৮টি, অষ্টম শ্রেণির ১৬৭টি ও নবম শ্রেণির ২৬টি পাঠ্যবই জব্দ করেন।
এদিকে এ ঘটনার প্রতিবাদে ও প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে গতকাল সকাল থেকে বিদ্যালয়ের সামনে স্থানীয় লোকজন সমাবেশ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হায়াত মো. রহমতুল্লাহ ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম বিদ্যালয়ে এ ঘটনার তদন্ত ও বিচারের আশ্বাস দিলে স্থানীয় লোকজন শান্ত হন।
জানতে চাইলে প্রধান শিক্ষক আশ্বাস আলী প্রথম আলোকে বলেন, ‘আমি বিদ্যালয়ের পিয়নকে গত বছরের কিছু বই ও কিছু পুরোনো খাতাপত্র বিক্রির জন্য বলেছিলাম। এরপর আমি উপজেলা সদরে যাই। পরে জানতে পারি, পুরোনো বই ও খাতাপত্রের সঙ্গে চলতি বছরের কিছু পাঠ্যবই বিক্রি করা হয়েছে।’
ইউএনও আবু হায়াত মো. রহমতুল্লাহ বলেন, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।