সরকারি বই বিতরণে অর্থ আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে সরকারি বই বিতরণকালে শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় অর্ধ লাখ টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয় অভিভাবকদের মাঝে অসন্তোষের সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, নবীনগর উপজেলার ৩৯টি উচ্চবিদ্যালয়ের প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর মধ্যে এ বছরের শুরু থেকে বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ শুরু হয়। কিন্তু উপজেলার শিবপুর বিদ্যালয়ে বই বিতরণের সময় প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৫০ টাকা করে আদায় করা হয়। স্থানীয় অভিভাবক হেদায়েত উল্লাহ, খাদিজা বেগমসহ কয়েকজন অভিযোগ করেন, ‘সরকারি বই দেওয়ার সময় আমাগো ছেলে-মেয়েগো কাছ থাইক্যা স্যারেরা ৫০ টাকা কইরা আদায় করেছেন। এ নিয়া প্রতিবাদ কইরাও লাভ হয় নাই।’ এদিকে প্রধান শিক্ষক হোসাইন কবির প্রায় ৪২ হাজার টাকা আদায়ের কথা স্বীকার করে বলেন, ‘এখানে দেড় হাজার শিক্ষার্থী হলেও আমরা দশম শ্রেণী ও পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো টাকা নিইনি।’ তিনি আরও বলেন, ‘আমাদের একজন শিক্ষক ও একজন কেরানি মারা গেছেন। তাঁদের দুস্থ পরিবারকে সহায়তা দিতেই শিক্ষার্থীদের কাছ থেকে এই টাকা নেওয়া হয়েছে। এ ছাড়া এখান থেকে স্কাউটের অনুষ্ঠান ও অন্ধ কল্যাণ সমিতিতে আমরা প্রায় ১৫ হাজার টাকা দিয়েছি। বাকি টাকা তহবিলে থাকবে।’ তবে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শাহীন সরকার বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। পরিচালনা পরিষদের বৈঠকে শিগগিরই করণীয় নির্ধারণ করা হবে।’ জেলা শিক্ষা কর্মকর্তা সুবোধ চন্দ্র চৌধুরী বলেন, ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ বলেন, ‘শিবপুরের ওই বিদ্যালয় প্রধানের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পাশের ধনাশী উচ্চবিদ্যালয়েও এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। আমরা শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা নেব।’