সরকারি বরাদ্দ নেই, কষ্টে ৫০ হাজার জেলে পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার বিকল্প ব্যবস্থা না করে মেঘনা ও পদ্মা নদীতে দুই মাস মাছ ধরা বন্ধ করায় চাঁদপুর ও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রায় ৫০ হাজার জেলে বেকার হয়ে পড়েছেন। ফলে পরিবার নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন তাঁরা।
জাটকা নিধন ঠেকাতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বিগত বছরগুলোতে এ সময় জেলেদের খাদ্য ও বিকল্প কর্মসংস্থানের উপকরণ বরাদ্দ দেওয়া হতো। কিন্তু এবার বরাদ্দ দেওয়া হয়নি।
চাঁদপুর জেলা ও রায়পুর উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত মেঘনা ও পদ্মায় মাছ ধরা বন্ধে অভিযান চালানো হচ্ছে। মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার কারণে চাঁদপুর সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাইমচরের ৪১ হাজার ৪২ জন জেলে এক সপ্তাহ ধরে বেকার হয়ে আছেন। একই কারণে রায়পুরের দক্ষিণ চরবংশী, উত্তর চরবংশী, দক্ষিণ চর আবাবিল ও উত্তর চর আবাবিল ইউনিয়নের ৭ হাজার ২৩০ জন জেলে পরিবার অর্থকষ্টে পড়েছে। মার্চ থেকে জুন পর্যন্ত কার্ডধারী প্রত্যেক জেলেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পুনর্বাসন প্রকল্পের আওতায় মানবিক খাদ্যসহায়তা হিসেবে প্রতি মাসে ৮০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু এখনো চাল দেওয়া হয়নি।
ষাটনল গ্রামের জেলে নারায়ণ বর্মণ বলেন, ‘মার্চের শুরু থেইক্কাই নদীতে জাল ফালাইলে হেরা (প্রশাসন) লইয়া যায়। পকেটে টেয়াও নাই। সরকার আমাগো চাউল দিব কইছিল। এহনো পাই নাই। বউ-বাচ্চা লইয়া কষ্টে দিন কাডাইতাছি।’
মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, জেলেদের খাদ্যসুবিধা দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য জেলা মৎস্য কর্মকর্তাকে জানানো হয়েছে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান বলেন, জাটকা রক্ষায় সরকারের পুনর্বাসন কর্মসূচির আওতায় জেলার ৪১ হাজার কার্ডধারী জেলেদের জন্য খাদ্যসহায়তা চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এ মাসেই বরাদ্দ চলে আসবে।
রায়পুরের চরবংশী গ্রামের কয়েকজন জেলে বলেন, আগে চাল, গরু ও ছাগলসহ বিভিন্ন উপকরণ দিয়ে সরকার সহযোগিতা করত। এবার কিছুই দেয়নি। এ কারণে জীবন বাঁচাতে বাধ্য হয়ে অনেক জেলে জাটকা ধরতে নদীতে নামতে পারেন।
রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন বলেন, এ বছর এখন পর্যন্ত জেলেদের জন্য পুনর্বাসন ও খাদ্য বরাদ্দ পাওয়া যায়নি।