সরকারি বরাদ্দে ভাগ চান উপজেলা ভাইস চেয়ারম্যানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা চেয়ারম্যানদের পাশাপাশি সরকারি বরাদ্দে ভাগ চান ভাইস চেয়ারম্যানরাও। নির্দিষ্ট নিয়মে সরকারি বরাদ্দ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মধ্যে ভাগ করে দেওয়া সহ ১১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশন।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভাইস চেয়ারম্যানদের দাবিগুলো তুলে ধরা হয়। এসব দাবিতে প্রধানমন্ত্রীকে একটি স্মারকলিপি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক মো. আরিফুর ইসলাম। তাঁদের অন্য দাবিগুলোর মধ্যে আছে— পরিষদের কাজকর্মের সব ফাইল ভাইস চেয়ারম্যানদের মাধ্যমে উপজেলা চেয়ারম্যানের কাছে পৌঁছাতে হবে, সরাসরি জেলা পরিষদের বরাদ্দ দিতে হবে, যাবতীয় অনুলিপি সরাসরি তাদের কাছে প্রেরণ করতে হবে, জানমাল ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করতে হবে, একজন করে গোপনীয় সহকারী নিয়োগ দিতে হবে, প্রত্যেকের জন্য আলাদাভাবে অফিস সহায়ক দিতে হবে, অফিসে টেলিফোন সংযোগের সঙ্গে বিল পরিশোধের ব্যবস্থা করতে হবে, অন্যান্য জনপ্রতিনিধির মতো সম্মানী-ভাতা বাড়ানোর পাশাপাশি টিএ-ডিএ বাড়াতে হবে এবং বাসা ভাড়া ও গাড়ির বরাদ্দ দিতে হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মতিউর রহমানসহ বিভিন্ন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।