সরকারি বাগানের আম বিক্রির অভিযোগে ডিসির বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন একটি আমবাগানের কিছু আম গোপনে বিক্রির অভিযোগে জেলা প্রশাসকের (ডিসি) বিরুদ্ধে গতকাল মঙ্গলবার একটি মামলা হয়েছে। শহরের মসজিদপাড়ার মো. মিজানুর রহমান নামের এক ব্যক্তি সদর সহকারী জজ মাহমুদ হাসানের আদালতে এ মামলা করেন। গতকাল সন্ধ্যা ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আদালত কোনো আদেশ দেননি। মামলার আরজিতে বলা হয়, জেলা প্রশাসকের কার্যালয়ের আশপাশের আমবাগানে মোট ৫৫০টি গাছ রয়েছে, যা জেলা প্রশাসকের নিয়ন্ত্রণাধীন। বাংলা ১৪১৮ সালের জন্য ৩৩০টি আমগাছের আম বিক্রি করা হয়েছে। এ সময় অবশিষ্ট ২২০টি গাছকে খাস উল্লেখ করা হলেও পরবর্তী সময়ে গোপনে এসব গাছের আম অন্য ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। সেখান থেকে আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি। এতে একদিকে যেমন সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যদিকে তিনি শিডিউল কিনলেও গাছের সংখ্যা কম থাকায় দরপত্র জমা দিতে পারেননি এবং ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলা প্রশাসক কে এম আলী আজম বলেন, গাছ খাস রাখার বিষয়টি নতুন নয়। দীর্ঘদিন ধরে এ প্রথা চলে আসছে। সর্বোচ্চ দরদাতার কাছে ফল বিক্রি করা হয়েছে, যা গতবারের চেয়ে দেড় লাখ টাকা বেশি। তিনি আরও বলেন, বাগানে ৫৫০টি গাছ রয়েছে কি না, তা কাগজপত্র না দেখে এ মুহূর্তে বলা সম্ভব নয়।