সরকারি বাসার নাদাবিপত্র পাওয়া যাবে অনলাইনে
সরকারি বাসার নাদাবিপত্র দেওয়ার জন্য অটোমেশন ব্যবস্থা চালু করেছে আবাসন পরিদপ্তর। এর ফলে এখন কর্মকর্তা-কর্মচারীরা অনলাইনে আবেদন করে অনলাইনেই এ সেবা নিতে পারবেন।
গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস উপলক্ষে সচিবালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কর্মসূচির উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। এ সময় মন্ত্রী তিনজন কর্মচারীর বাসার নাদাবিপত্র হস্তান্তর করেন। মন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কর্মজীবন শেষে সঞ্চিত অর্থ হিসেবে পেনশনের অপেক্ষায় থাকেন। কিন্তু এ পেনশন পেতে নানা দপ্তরের নাদাবিপত্র বড় হয়রানি হিসেবে কাজ করে। আবাসন পরিদপ্তরের এ ব্যবস্থা অবসর গ্রহণকারীদের জন্য অনেক স্বস্তি বয়ে আনবে।
এ সময় জানানো হয়, অটোমেশন প্রক্রিয়ায় আবেদনকারী নিজ উদ্যোগে বাসা ভাড়া কর্তনের বিবরণী সংগ্রহ করে অনলাইনে আবেদন করতে পারবেন। উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারি বাসায় থাকলে অবসরের সময় আবাসনের নাদাবিপত্র ছাড়া পেনশন অনুমোদন হয় না। তথ্য বিবরণী।