সরকারি বাসায় বসে প্রচারণা বন্ধে নোটিশ
বগুড়ার ধুনট উপজেলা পরিষদের দুই চেয়ারম্যানকে সরকারি বাসায় নির্বাচনী প্রচারণা বন্ধ করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে তাঁদের কাছে এ নোটিশ পাঠান সহকারী রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমান।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী ওরফে তারিক চেয়ারম্যান ও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক নাজনিল নাহার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। উপজেলা পরিষদ চত্বরে টি আই এম নুরুন্নবীর নামে একটি সরকারি বাসা বরাদ্দ দেওয়া হয়। মহিলা ভাইস চেয়ারম্যানের নামে সরকারি কোনো বাসা বরাদ্দ ছিল না। কিন্তু তিনি উপজেলা পরিষদ চত্বরে সরকারি কর্মকর্তাদের একটি কোয়ার্টারের একটি ফ্ল্যাট ভাড়া নেন। ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে টি আই এম নুরুন্নবী চেয়ারম্যান ও নাজনিল নাহার ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তাঁরা এখনো ওই বাসভবনে বসে প্রচারণা চালাচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমান জানান, সরকারি বাসায় বসে নির্বাচনী প্রচারণা বন্ধে নোটিশ পাঠানো হয়েছে।
নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় নুরুন্নবী ও নাজনিল নাহারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।