সরকারি বিদ্যালয়ে কোচিং-বাণিজ্য
‘মাগনা দেখিয়া ছাওয়াটাক নেকাপড়া শিখবার পাঠাইছিনু। অ্যালা দ্যাখোছো পাইসা না দিলে ব্যাকরে দ্যায়ছে (বের করে দিয়েছে) ইশকুল হ্যাতে (থেকে)।’ এমন অভিযোগ এক দিনমজুর অভিভাবকের। তাঁর মেয়ে নীলফামারীর সৈয়দপুর তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।গতকাল বুধবার সকাল সাড়ে আটটায় ওই স্কুলে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষক আবদুস সামাদ নিজেই পড়াচ্ছেন। শ্রেণীকক্ষে কমপক্ষে ৫০ জন শিক্ষার্থী। ওরা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী। কথা হয় প্রধান শিক্ষকের সঙ্গে। তিনি বলেন, ‘ভালো ফলাফলের জন্যই বিশেষ কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে।’ কোচিং করতে এসেছিল শিক্ষার্থী ইশরাত জাহান, জাকিয়া সুলতানা ও ইশিকা হালিম। তারা জানায়, প্রতিদিন সকাল আটটায় তারা কোচিংয়ে পড়তে আসে। চলে ১০টা পর্যন্ত। পরে স্কুলের নির্ধারিত ক্লাস শুরু হয়। বিশেষ কোচিং বলা হলেও প্রতিজন শিক্ষার্থীর কাছ থেকে মাসে ৫০০ করে টাকা আদায় করা হয় বলে জানা গেছে। অভিযোগ তুললেন অভিভাবক মাহমুদুন্নবী, এনামুল হক, মো. মন্টুসহ আরও অনেকে। তাঁরা বললেন, কোচিংয়ের নামে বাণিজ্য চলছে। টাকা না দিলে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেন শিক্ষকেরা। টাকা আদায়ের কথা অবশ্য স্বীকার করলেন প্রধান শিক্ষক। তবে তিনি বললেন, যারা গরিব তাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় না। প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা-বাণিজ্যের অভিযোগ তুলে অভিভাবকেরা স্থানীয় সাংসদ মারুফ সাকলানের কাছে গত ৩০ মার্চ একটি লিখিত অভিযোগ দেন। মারুফ সাকলান জানান, সরকারিপর্যায়ে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক। এ নিয়ে কেউ বাণিজ্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বিষয়টি খতিয়ে দেখতে সৈয়দপুর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন প্রথম আলোকে বলেন, স্কুলে প্রাইভেট বা কোচিং করানোর এবং সেই সূত্র ধরে টাকা আদায়ের কোনো সুযোগ নেই। এ নিয়ে কেউ বাণিজ্য করলে অবশ্যই তদন্ত করে দেখা হবে।