সরকারি বিদ্যালয়ে বিকৃত মানচিত্র
বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় চত্বরে নির্মিত শহীদ মিনারে বাংলাদেশের মানচিত্রকে দুটি পিলারের টাইলসের ওপর বসিয়ে তিন ভাগে বিভক্ত করে উপস্থাপন করা হয়েছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করে জানান, কোমলমতি শিক্ষার্থীরা যা দেখবে, তা-ই শিখবে। বাংলাদেশের মানচিত্রকে তিন খণ্ডে বিভক্ত করে উপস্থাপন করায় দেশ তিন ভাগে বিভক্ত, শিক্ষার্থীদের এমন ধারণাই দেওয়া হচ্ছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন বলেন, ‘বিদ্যালয়ের শহীদ মিনারে স্থাপিত মানচিত্রটি নিয়ে আমরা রীতিমতো বিব্রত। বাংলাদেশকে তিন ভাগে বিভক্ত করে উপস্থাপন করা হয়েছে এতে। ভুল নকশার মানচিত্র অপসারণ করে সঠিক নকশার মানচিত্র স্থাপনের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে অনেকবার বলা হয়েছে। আজও তারা কোনো উদ্যোগ নেয়নি।’শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘এক মাস আগে এখানে যোগদান করেছি। ভুল নকশায় শহরের ওই বিদ্যালয়ে কীভাবে বিকৃত মানচিত্র নির্মাণ করা হয়েছিল, সে বিষয়টি আমার জানা নেই।’জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ জানান, বিদ্যালয়ে এভাবে মানচিত্র উপস্থাপনার বিষয়টি এত দিন নজরে আসেনি। দ্রুত খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।