সরকারি বিদ্যালয়ে ভর্তিতে কোটাসুবিধা পাবে মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরির মতো সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের জন্য কোটায় ভর্তির সুবিধা প্রবর্তন করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা পূরণ না হলে তাদের নাতি-নাতনিদের দিয়ে ওই কোটা পূরণ করা হবে। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বিষয়টি নিশ্চিত করে গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ভর্তির নীতিমালা সংশোধন করে শিগগিরই আদেশ জারি করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কিছুদিন আগে সরকারি চাকরিতে কোটা পূরণে মুক্তিযোদ্ধার সন্তান না পাওয়া গেলে তাঁদের নাতি-নাতনিদের চাকরি দেওয়ার সিদ্ধান্ত হয়। এর আলোকে শিক্ষা মন্ত্রণালয় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তিতে মুক্তিযোদ্ধার সন্তান কোটা পূরণে একই রকম সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত ফাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুমোদন দেওয়ার পর এখন আদেশ জারির প্রক্রিয়া চলছে। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মাধ্যমিক) খন্দকার রাকিবুর রহমান প্রথম আলোকে বলেন, এ বছর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে আসন খালি থাকতে হবে। বর্তমানে বিদ্যালয়গুলোর ভর্তিতে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য পাঁচ শতাংশ কোটা রয়েছে। দেখা যাচ্ছে, সব কোটা পূরণ হচ্ছে না। কারণ সিংহভাগ মুক্তিযোদ্ধার সন্তান বিদ্যালয় পর্যায়ে ভর্তির সময় পার করে ফেলেছে। অবশ্য রাজধানীর গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের একজন শিক্ষক প্রথম আলোকে জানান, তাঁরা ভর্তির সময় কিছু মুক্তিযোদ্ধার সন্তান পেয়েছেন।