সরকারি বিধির কারণে ভুয়া ভাউচার জমা!
সরকারি বিধির কারণে রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার টিআরের (টেস্ট রিলিফ) প্রকল্প কমিটির সদস্যরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে বাধ্য হয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে ভুয়া ভাউচার জমা দিচ্ছেন।সরকারিভাবে এবার প্রতি টন চালের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে ২৮ হাজার টাকা। কিন্তু সরকারই আবার বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রকল্প কমিটির কাছ থেকে কাজ শেষে চালের টনপ্রতি ভাউচার জমা নিচ্ছে ৩৩ হাজার ৮০৫ টাকার। অথচ বর্তমানে বাজারে এই চাল বিক্রি হচ্ছে প্রতি টন ২১-২২ হাজার টাকায়।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় টিআর প্রকল্পের আওতায় বদরগঞ্জে বিশেষ ২১৪ টন ও সাধারণ ১৫৭ টন চাল এবং তারাগঞ্জে বিশেষ ১২০ টন ও সাধারণ প্রকল্পের অধীনে ১০৫ টন চাল বরাদ্দ দেয়।সূত্র জানায়, ওই সাধারণ ও বিশেষ বরাদ্দের আওতায় বদরগঞ্জে ১৯৩টি এবং তারাগঞ্জে ৭৭টি প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের কাজ ২৮ মার্চের মধ্যে শেষ করার নির্দেশনা থাকলেও ইতিমধ্যে পিআইওর দপ্তরে ভাউচার দাখিল করেছে বেশির ভাগ প্রকল্প কমিটি। বদরগঞ্জের তুফানুপাড়ায় চিকলী নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্প কমিটির সভাপতি হাজ্জাজুল আলম বলেন, ‘বরাদ্দ পাওয়া পাঁচ টন চাল ৯৫ হাজার টাকায় বিক্রি করে কাজ করেছি। কিন্তু ভাউচার জমা দিতে হচ্ছে এক লাখ ৬৯ হাজার ২৫ টাকার।’তারাগঞ্জের কুর্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিনুর ইসলাম বলেন, ‘সরকারের নীতিমালা মানতে আমরা বাধ্য। কিন্তু বাস্তবতাও বুঝতে হবে। সরকারি বিধির কারণে প্রকল্প কমিটিকে প্রতি টনে অতিরিক্ত প্রায় ১১ হাজার ৮০৫ টাকার ভুয়া ভাউচার জমা দিতে হয়েছে।’তারাগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের উপসচিব চিঠি দিয়ে টিআর প্রকল্পের প্রতি টন চালের দাম ৩৩ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করে দিয়েছেন।’বদরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘বাস্তবতা অনুধাবন করে সরকারের নীতিমালা পরিবর্তন করা উচিত।’