সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতনকাঠামো বাস্তবায়নের দাবি
সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো বাস্তবায়ন এবং চাকরির বয়সসীমা ৬৭ বছর করার দাবিতে জাহাঙ্গীরনগর এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গতকাল রোববার নিজ নিজ ক্যাম্পাসে মানববন্ধন করেছেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের আহ্বানে গতকাল বেলা ১১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে শিক্ষকেরা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধন চলাকালে এক সংক্ষিপ্ত সভায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো রয়েছে। আমাদের দেশেও তা করা উচিত।’
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, আমাদের দেশে আমলা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতনে ব্যাপক বৈষম্য রয়েছে। স্বতন্ত্র বেতনকাঠামো বাস্তবায়নের মাধ্যমে এ বৈষম্য দূর করতে হবে।
কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি ফরিদ আহমদ, সাবেক সভাপতি অজিত কুমার মজুমদারসহ বিভিন্ন বিভাগের প্রায় ৩৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অন্য বক্তারা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির বয়সসীমা ৬৫ থেকে বৃদ্ধি করে ৬৭ বছর করার সিদ্ধান্ত সিনেটে অনুমোদিত হয়েছে। অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়েও চাকরির বয়সসীমা ৬৭ বছর করতে হবে।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গতকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকের সামনে মানববন্ধন করেন।
এ সময় সমিতির সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী বলেন, দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় আসছেন। কিন্তু আকর্ষণীয় বেতনকাঠামো না থাকায় তাঁরা এ পেশা থেকে দূরে সরে যাচ্ছেন। অনেকেই বিদেশে উচ্চশিক্ষার জন্য গিয়ে দেশে ফিরছেন না। এতে বাংলাদেশ থেকে মেধা পাচার হচ্ছে।