সরকারি-বেসরকারি জটিলতায় বই পায়নি ১৩৪ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের প্রথম দিন নতুন বই পায়নি নোয়াখালীর সেনবাগের বিন্নাগুনি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৪ শিক্ষার্থী। মঙ্গলবার সকালে বিদ্যালয়ে গিয়েও শিক্ষার্থীরা সরকারি নাকি বেসরকারি বিদ্যালয়ের, এই জটিলতায় পড়েন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। পরে তাঁরা বই বিতরণ না করেই ফিরে আসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের শেষ দিকে স্থানীয় বাসিন্দারা বিন্নাগুনি মির্জিপুকুর পাড় এলাকায় ‘বিন্নাগুনি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন। তৎকালীন সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রবের তত্ত্বাবধানে তিনজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। ২০১১ সালের জানুয়ারি থেকে বিদ্যালয়ে পাঠদান শুরু হয়। বিদ্যালয়টিতে এখন ১৩৪ শিক্ষার্থী রয়েছে। এদিকে ‘ননস্কুল এরিয়া’ এলাকায় নতুন স্কুল স্থাপনের ঘোষণা এলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গাটিতে সরকারি ভবন নির্মাণের জন্য প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর রেজিস্ট্রি করে দিতে পরামর্শ দেওয়া হয়।পরামর্শ অনুযায়ী, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ১২ শতক জমি রেজিস্ট্রি করে দেয়। এরপর চলতি অর্থবছরে ওই জায়গায় ৪৭ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করা হয়। ওই ভবনের নাম দেওয়া হয় ‘বিন্নাগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়’। গত মঙ্গলবারই ওই বিদ্যালয়ে যোগদানের জন্য তিনজন শিক্ষক-শিক্ষিকাকে বদলি করা হয়।বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা নাছরিন আক্তার বলেন, ‘বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নগদ ৭০ হাজার টাকা ও পৈতৃক জায়গা দিয়ে চাকরি পেয়েছি। এখন দেখি অন্য শিক্ষকেরা আসছেন। কর্মকর্তাদের কাছে আমাদের বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানাই।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম নুরুল আফছার বলেন, ‘ননস্কুল এরিয়া হিসেবে ওই গ্রামে নতুন সরকারি বিদ্যালয় ভবনটি নির্মাণ করা হয়। নির্মাণকাজ চলাকালে জানতে পারি, সেখানে আগে থেকে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তখন ওই বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টদের যেভাবেই হোক, বিদায় করে দিতে পরামর্শ দেওয়া হয়। পরিচালনা কমিটি তা না করায় এখন জটিলতার সৃষ্টি হয়েছে।’