সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় অর্ধেক এ আইন সম্পর্কে জানে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য, শিক্ষা ও স্থানীয় সরকারবিষয়ক ২১৬টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, ৪৪ দশমিক ২ শতাংশই তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে জানে না। আর সাধারণ মানুষের মধ্যে পরিচালিত জরিপে দেখা গেছে, এখনো ৭৩ শতাংশের বেশি মানুষ আইনটি সম্পর্কে জানে না।না জানার বিষয়টিকে তথ্য অধিকার আইনের সুফল পাওয়ার পথে একটি বড় বাধা হিসেবে দেখছেন অভিজ্ঞজনেরা।গতকাল বুধবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ব্র্যাক সেন্টার ইনে ‘তথ্য অধিকার আইন বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা: নাগরিক ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব তথ্য উঠে এসেছে। তথ্য অধিকার আইন নিয়ে কাজ করে—এমন সংগঠনগুলোর জোট তথ্য অধিকার ফোরাম এর আয়োজন করে। এ অনুষ্ঠানে ফোরাম ‘তথ্য অধিকার আইন বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা: নাগরিক ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা’ জরিপের ফলও প্রকাশ করে। দিবসটি উপলক্ষে গতকাল বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করে।রংপুর, কক্সবাজার, ভোলা, খুলনা ও যশোর জেলা এবং ঢাকা মহানগরে এক হাজার ১৯ জনের ওপর তথ্য অধিকার ফোরামের পরিচালিত জরিপে দেখা গেছে, এখনো ৭৩ শতাংশেরও বেশি মানুষ আইনটি সম্পর্কে জানে না। জরিপে অংশগ্রহণকারীদের ৭৫ শতাংশের মন্তব্য: তথ্য অধিকার আইন বাস্তবায়নের মূল চ্যালেঞ্জ হচ্ছে আইনটি সম্পর্কে যথেষ্ট প্রচারের অভাব।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, আইনটি কার্যকর করতে সরকারের সদিচ্ছা আছে। কারণ, তথ্য অধিকার আইন বাস্তবায়ন করা গেলে দেশ থেকে দুর্নীতি দূর হবে। তবে অল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়। সরকার তথ্য কর্মকর্তা নিয়োগ দেওয়া থেকে শুরু করে প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন কারিগরি সুযোগ-সুবিধা সৃষ্টির চেষ্টা করছে। তিনি তৃণমূল পর্যায়ে এ আইন সম্পর্কে তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য সুশীল সমাজসহ গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান।প্রধান তথ্য কমিশনার মো. জমির বলেন, কমিশন আইনটি সম্পর্কে মানুষকে জানাতে চায়। এ লক্ষ্যে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো থেকে ২০ কোটি খুদেবার্তা পাঠানো হয়েছে। স্কুল-কলেজের পাঠ্যবইয়ে আইনটি অন্তর্ভুক্ত করার উদ্যোগ চলছে।সমস্যাটির একটি কৌতূহলোদ্দীক দিক তুলে ধরে মো. জমির জানান, তথ্য অধিকার আইনের জন্য আন্দোলনকারী তিন হাজার বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে মাত্র ৫১৪টিতে তথ্য প্রদানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি তথ্য দেওয়ায় পিছিয়ে থাকে, তাহলে তাদের পক্ষে তদারকির কাজ করা কঠিন হবে। নিজেদের ঠিক হতে হবে আগে।তথ্য কমিশনার আবু তাহের বলেন, বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো কোনো ক্ষেত্রে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু কতগুলো মামলা অনিষ্পন্ন আছে, কোন মামলার অবস্থা কী, জনসাধারণের তা জানার অধিকার আছে। তেমনিভাবে সামরিক বাহিনীর কেনাকাটা সম্পর্কেও জানার অধিকার আছে মানুষের। কিন্তু বিচার বিভাগ কোনো তথ্য প্রদানকারী কর্মকর্তা নিয়োগ দেয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব শাখায় তথ্য প্রদানকারী কর্মকর্তা নিয়োগ দেয়নি।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, নিজেরা করির নির্বাহী পরিচালক খুশী কবীর প্রমুখ। ‘তথ্য অধিকার আইন বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা: নাগরিক ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা’ জরিপটির ফল গোলটেবিল বৈঠকে উপস্থাপন করেন ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআইডি/ডিনেট) প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ আহমেদ ও টিআইবির ফেলো হাবিবুর রহমান। তাঁরা বলেন, যাঁরা কোনো না কোনো মাধ্যমে তথ্যের জন্য আবেদন করেছেন, তাঁদের প্রায় ৯০ শতাংশই তথ্য পেয়েছেন। যাঁরা পাননি, তাঁরা ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তথ্য সংগ্রহ করেছেন।