সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য করে না সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘এখন আর সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য করার অবকাশ নেই। সবাই শিক্ষা কার্যক্রমে অবদান রাখছে। উভয় ধারার শিক্ষার্থীরাই আমাদের সন্তান। সরকার তাদের মধ্যে কোনো পার্থক্য করে না। শুধু বিশ্ববিদ্যালয়ই নয়, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও আমরা আলাদা চোখে দেখি না।’
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, ‘আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে তৈরি হতে হবে। গতানুগতিক শিক্ষার মাধ্যমে এটা সম্ভব না। এ জন্য প্রয়োজন যুগোপযোগী আধুনিক শিক্ষা, যে শিক্ষায় দক্ষ জনশক্তি গড়ে উঠবে। শুধু পরীক্ষায় পাস করলে হবে না। আমাদের দেশের সমস্যার সমাধান বাইরের কেউ করে দেবে না। এ জন্য বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদেরই জ্ঞান সৃজন করতে হবে, গবেষণা করতে হবে।’
বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে এখন সরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা বেশি। তারা শিক্ষায় অবদান রাখছে। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে যেসব শর্ত দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তা পূরণ করতে হবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশ নিশ্চিত করে নিজস্ব ক্যাম্পাস তৈরি করতে হবে।
মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘অনেকেই বলেছিল, শেখ হাসিনার সরকার ক্ষমতায় এলে মাদ্রাসাশিক্ষা থাকবে না। কিন্তু আমরা নতুন আরও ৩১টি মাদ্রাসার অনুমোদন দিয়েছি। সেই সঙ্গে স্কুল-মাদ্রাসাশিক্ষকদের বেতনকাঠামোতেও কোনো বৈষম্য রাখিনি।’
রাজশাহী নগরের খড়খড়ি বাইপাস এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত মূল ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক এম সাইদুর রহমান খান, সাংসদ আয়েন উদ্দিন প্রমুখ।