সরকারি-বেসরকারি সব খাতেই দুর্নীতি রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি-বেসরকারি সব খাতেই কম-বেশি দুর্নীতি রয়েছে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও দুর্নীতি প্রতিরোধে এনজিওদের ভূমিকা’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজক এনজিও বিষয়ক ব্যুরো। অনুষ্ঠানে দেশের শীর্ষ পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংগঠনগুলোর (এনজিও) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দুদক চেয়ারম্যান বলেন, গত বছর চার শতাধিক ব্যক্তিকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এটাকে অনেকে সমালোচনা করে বলেন, কমিশনের এ গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে ঘুষ চাওয়ার প্রবণতা কমলেও ঘুষের পরিমাণ বেড়ে গেছে। তিনি আরও বলেন, দুর্নীতি দমন অসম্ভব নয়, কিন্তু কঠিন। ঘুষের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ঘুষ দেওয়ার আগেই কমিশনকে জানানো হলে ঘুষ গ্রহণকারীকে ফাঁদ পেতে গ্রেপ্তার করা হচ্ছে।
সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির পরও যাঁরা ঘুষ নেন তাঁদের বিরুদ্ধে সাহস নিয়ে কমিশনে অভিযোগ দেওয়ার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে আসুন, কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে ঘুষ গ্রহণকারীর সামাজিক, পেশাগত কিংবা অন্য কোনো পরিচয় কমিশনের কাছে গুরুত্ব নেই।
ইকবাল মাহমুদ বলেন, আগামী প্রজন্মের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ তৈরির জন্য কমিশন নানা উদ্যোগ নিয়েছে। এ প্রসঙ্গে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত প্রায় ২২ হাজার সততা সংঘ এবং বিভিন্ন বিদ্যালয়ে স্থাপিত সততা স্টোরের কথা তুলে ধরেন তিনি।
শিক্ষা, মাতৃমৃত্যু রোধ, শিশুমৃত্যু রোধ, নারী-অধিকার, পরিবেশ, বৃক্ষরোপণ, স্যানিটেশন ইত্যাদি ক্ষেত্রে এনজিওগুলোর ইতিবাচক কার্যক্রমের প্রশংসা করেন দুদক চেয়ারম্যান। এনজিও প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের অ্যাডভোকেসি কর্মসূচি বিশ্বব্যাপী প্রশংসিত। তাই দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে এ সকল কর্মসূচিতে দুর্নীতির ধারণা, কুফল ইত্যাদি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন তৈরিতে ভূমিকা রাখুন।’
এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, অ্যাকশন এইডের এ দেশীয় প্রধান ফারাহ্‌ কবীর প্রমুখ।