এ বছর পবিত্র হজ পালনে যেতে গত বছরের চেয়ে প্রায় ছয় হাজার টাকা বেশি লাগবে। ২০১৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে কোরবানিসহ ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা লাগবে। কোরবানি ছাড়া প্যাকেজে খরচ হবে ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা।
আর বেসরকারি ব্যবস্থাপনায় মৌলিক খরচ ধরা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা। এর সঙ্গে খাওয়া, বাড়িভাড়া যোগ করে সংশ্লিষ্ট ব্যক্তিরা বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করতে পারবেন।
গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে হজ প্যাকেজ ২০১৬-এর খসড়া অনুমোদন এবং জাতীয় হজ ও ওমরাহ নীতি ২০১৬-এর অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৮ হাজার ৮৬৮ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার জন হজে যেতে পারবেন। খরচ বৃদ্ধির কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রতিবছর ডলারের মূল্যমান কিছু বাড়ে, মুদ্রাস্ফীতি তো আছেই। সেই তুলনায় বৃদ্ধিটা বেশি না, সহনীয়ই আছে। হজে যেতে সর্বোচ্চ খরচ কত হবে, তা সরকার নির্ধারণ করে দেয় না জানিয়ে তিনি বলেন, এটা প্রতিযোগিতামূলক। তবে নিজেরা যে স্বেচ্ছাচারীভাবে বাড়াতে পারবে, বিষয়টা তাও নয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার অনুমোদিত প্রতিটি হজ এজেন্সি বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য নিজ নিজ প্যাকেজ অনুসারে মক্কা ও মদিনার বাড়ি-হোটেল ভাড়া, খাওয়া খরচ, মোয়াল্লেমকে প্রদেয় সার্ভিস চার্জ ইত্যাদি ব্যয় চূড়ান্ত করে সর্বোচ্চ দুটি প্যাকেজ ঘোষণা করতে পারবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী হজ এজেন্সিকে নিজ নামে ব্যাংক হিসাব খুলতে হবে। এর মাধ্যমে আবাসন ও খাওয়ার বিল পরিশোধ করতে হবে।
বেসরকারি হজ এজেন্সিগুলোর নানা প্রতারণার অভিযোগ মন্ত্রিসভার আলোচনায় এসেছে কি না, জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়টি আসেনি। তবে এয়ারলাইনসগুলোর অবহেলার বিষয়টি আলোচনায় এসেছে জানিয়ে তিনি বলেন, গতবার লাগেজ দু-তিন দিন বা তার পরে এসেছে, এটা নিয়ে আলোচনা হয়েছে। বিমান মন্ত্রণালয় থেকে আশ্বাস দেওয়া হয়েছে, এবার তারা বিষয়টি কঠোরভাবে দেখবে।