সরকারি ব্যবস্থাপনায় হজের ব্যয় বাড়ছে ৪৪ হাজার টাকা
সরকারি ব্যবস্থাপনায় এবার হজে ব্যয় হবে তিন লাখ তিন হাজার ৪৪০ টাকা। যা গত বছরের তুলনায় ৪৪ হাজার টাকা বেশি।গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে হজ প্যাকেজের খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত বছরের তুলনায় মার্কিন ডলার ও সৌদি রিয়ালের মূল্য বেড়েছে। এ ছাড়া নতুন করে খাওয়ার খরচ যোগ হওয়ায় এবার ব্যয় বেড়েছে।গত বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের কাছ থেকে নেওয়া হয়েছিল দুই লাখ ৫৯ হাজার ৪২ টাকা। আগে খাবার ব্যয় তাঁদের নিজেদেরই বহন করতে হতো। এবার খাবার বাবদ নতুন করে ১৮ হাজার ৩৭৫ টাকা যোগ হয়েছে।মন্ত্রিপরিষদ সচিব জানান, বেসরকারি ব্যবস্থাপনায় যাঁরা হজে যাবেন, তাঁদের জন্য কোনো প্যাকেজ নির্ধারণ হয়নি। কেবল সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্যই প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এটা হচ্ছে ন্যূনতম ব্যয়। বেসরকারিভাবে ব্যয় হবে সরকারি ব্যয়ের চেয়ে কিছুটা বেশি।মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ২৬ অক্টোবর চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। প্রত্যেক বছরই বাংলাদেশ থেকে হজযাত্রী বাড়ছে। চলতি বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২০ হাজার জন হজে যেতে পারবেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সৌদি আরবে পাঠানোর ক্ষেত্রে হজ এজেন্টদের সরকারের কাছে প্রতিবেদন দিতে হবে। কোন এজেন্ট কী পরিমাণ অর্থ নিয়ে হজযাত্রীদের পাঠাচ্ছে, তা নিয়মিতভাবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে জানানো বাধ্যতামূলক করা হয়েছে।এ ছাড়া গতকালের মন্ত্রিসভার বৈঠকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১২’ এবং ‘পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক (অবসর গ্রহণ) (বিশেষ বিধান) আইন, ২০১২’-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।