সরকারি ব্যাংক ঋণ দিতে আগ্রহী, আদায়ে নয়
রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো ঋণ দিতেই বেশি আগ্রহী, ঋণ আদায়ে নয়। এসব ঋণ দেওয়া হচ্ছে নিয়মনীতি না মেনেই। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনো নির্দেশনাই মানা হচ্ছে না। আবার ছোট ছোট ঋণ নয়, বৃহৎ ঋণ দিতেই ব্যাংকগুলোর আগ্রহ বেশি।
অব্যবস্থাপনা ও আর্থিক অনিয়মের ভারে রাষ্ট্রমালিকানাধীন ছয়টি ব্যাংক এবং সরকার-নিয়ন্ত্রিত বিশেষায়িত পাঁচটি ব্যাংকই নাজুক অবস্থায় রয়েছে। তারা খেলাপি ঋণের টাকা আদায়ে ব্যর্থ হচ্ছে। উল্টো ঝুঁকিপূর্ণ খাতে ঋণ দেওয়ায় খেলাপি ঋণের পরিমাণ দিন দিন বাড়াচ্ছে। বিপুল পরিমাণ খেলাপি ঋণই ব্যাংকগুলোর অন্যতম প্রধান সমস্যা।
এর পরও সরকার ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে নতুন করে মূলধন দিয়েছে। চার হাজার ১০০ কোটি টাকা মূলধন দেওয়ার পরেও এখনো সোনালী, রূপালী ও বেসিক ব্যাংকের মূলধন ঘাটতি প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা। মূলধন ঘাটতির পাশাপাশি বাড়ছে ব্যাংকের অলাভজনক শাখার সংখ্যা। ব্যাংকগুলোর আরও রয়েছে তথ্য গোপন বা প্রকৃত অবস্থা আড়াল করার প্রবণতা।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাদেরই অধীন রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর এই নাজুক পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনটি গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে উপস্থাপন করা হয়।
বৈঠক সূত্র জানায়, এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশে জানতে চান, যারা ঋণ নিয়ে ফেরত দেয় না, তাদের কেন ঋণ দেওয়া হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক চাপে ঋণ দেওয়া হয়। এর বাইরে অনৈতিক সুবিধা নিয়ে ব্যাংক কর্মকর্তারা অনেককে ঋণ দেন। অথচ প্রকৃত উদ্যোক্তাদের ঋণ দেওয়া হয় না।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, ব্যাংকগুলো প্রকৃত শিল্প-উদ্যোক্তাদের ঋণ না দিয়ে অসাধু উদ্যোক্তাদের হাজার হাজার কোটি টাকা ঋণ দেয়। এসব উদ্যোক্তা ঋণ নিয়ে শোধ করে না, ব্যাংকও আদায় করে না। এ কারণে ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিশেষায়িত ব্যাংক: প্রতিবেদনে সরকার নিয়ন্ত্রিত বিশেষায়িত ব্যাংকগুলোর পরিস্থিতিও পর্যালোচনা করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, কৃষি ব্যাংক জন্মলগ্ন থেকে খাদ্যনিরাপত্তা নিশ্চিতে সর্বাধিক ঝুঁকিপূর্ণ খাতে সবচেয়ে বেশি অর্থায়ন করে আসছে। এ কারণে ব্যাংকটি আর্থিকভাবে মুনাফা অর্জনে সক্ষম হচ্ছে না। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মূলধন ঘাটতির পরিমাণ ৬৪৯ কোটি ৯৩ লাখ টাকা। আর ব্যাংকটির তহবিল সংগ্রহ ব্যয় ১০ শতাংশ।
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মূলধন ঘাটতি ৪৪ কোটি ৭৮ লাখ টাকা। তহবিলসংকটের কারণে উচ্চ সুদে বিভিন্ন ব্যাংক থেকে টাকা ধার করে চলতে হচ্ছে। এতে বর্তমানে ব্যাংকটির তহবিল সংগ্রহ ব্যয় দাঁড়িয়েছে ১৫ শতাংশ। এর ফলে ব্যাংকটির ঝুঁকি দিন দিন বাড়ছে।
কর্মসংস্থান ব্যাংকের মূলধন ঘাটতি এখনো ৪৫ কোটি টাকা, যা বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক এখনো পরিশোধ করেনি। প্রবাসীকল্যাণ ব্যাংক ক্লিয়ারিং হাউসের সদস্য না হওয়ায় প্রবাসীদের অনুকূলে চেক ইস্যু করতে পারছে না। ডিলার হিসেবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন না থাকায় বৈদেশিক মুদ্রাও লেনদেন করতে পারছে না।
বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ব্যাংকের সুদের হার অস্বাভাবিক বেশি হওয়ায় শিল্পে বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ বাড়াতে কমিটি সুদের হার কমিয়ে এক অঙ্কে নিয়ে আসার সুপারিশ করেছে। এ ছাড়া সোনালী ব্যাংক ও বেসিক ব্যাংকের লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় কমিটি উদ্বেগ প্রকাশ করে। কমিটি খেলাপি ঋণ ও ব্যাংক থেকে লুট হওয়া টাকা আদায়ে সুপ্রিম কোর্টে পৃথক বেঞ্চ গঠনের সুপারিশ করেছে।
আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এম এ মান্নান, টিপু মুন্সি, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, শওকত চৌধুরী ও আখতার জাহান চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।