সরকারি ব্যাংকের প্যানেলভুক্ত চাকরিপ্রত্যাশীদের নিয়োগের দাবি

সোনালী, রুপালী ও জনতা ব্যাংকের প্যানেল থেকে নিয়োগের দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করেছেন প্যানেলভুক্ত চাকরিপ্রত্যাশীরা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সামনে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
সোনালী রূপালী ও জনতা ব্যাংক প্যানেল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত দিনগুলোতে প্যানেল থেকে

নিয়োগ দিলেও বর্তমানে ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) মাধ্যমে এ ধরনের নিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় সরকারি ব্যাংকগুলোতে লোকবল ঘাটতি চরম আকার ধারণ করেছে এবং জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ ছাড়াও এই নিয়োগ বন্ধ থাকায় প্যানেলভুক্ত প্রায় সাত হাজার চাকরিপ্রত্যাশী চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন।
প্যানেলভুক্ত হাজারো চাকরিপ্রত্যাশী আজ বাংলাদেশ ব্যাংকের সামনের কর্মসূচিতে যোগ দিয়ে প্যানেল থেকে নিয়োগের ব্যাপারে শিগগির যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এ ছাড়া শুক্রবার সকাল দশটায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
আরও পড়ুন: