সরকারি ভবন দখল আ.লীগের নেতাদের
বরিশালের উজিরপুর উপজেলায় গত সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের দুটি পাকা ভবনসহ প্রায় কোটি টাকার সরকারি সম্পত্তি দখল করে নিয়েছেন আওয়ামী লীগের নেতারা। এ ঘটনায় গত বৃহস্পতিবার উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আলম বক্তিয়ার বাদী হয়ে আটজনকে আসামি করে একটি মামলা করেছেন। সরেজমিনে গত বৃহস্পতিবার স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা সদরে উজিরপুর মডেল হাইস্কুলের সামনে উজিরপুর মৌজার এসএ খতিয়ান নং ৭২৮, দাগ নং ৬৭৮এর ৫৭ শতাংশ জমি ১৯৬০ সালে সরকার অধিগ্রহণ করে। ১৯৬১ সালে পিডব্লিউডির অর্থায়নে সেখানে থানা স্বাস্থ্যকেন্দ্র ভবন ও পাশে স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয় কাম বাসভবন নির্মাণ করা হয়। ১৯৮৮ সালে স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তরিত হয়। পরে ওই ভবন ও সম্পত্তি উজিরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয় কাম বাসভবন হিসেবে ব্যবহূত হয়ে আসছিল। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আলম বক্তিয়ার অভিযোগ করেন, তিনি ঈদের ছুটিতে গত সোমবার বাসায় তালা লাগিয়ে চলে যাওয়ার পর ওই দিন গভীর রাতে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মনিময় হাওলাদার, হরিনাময় হাওলাদার, তপন বাড়ৈসহ আট-দশ জন ভূমিদস্যু সরকারি সম্পত্তি দখল করে সীমানা প্রাচীরের দুই পাশে তাঁদের মালিকানার দুটি সাইনবোর্ড ঝুলিয়ে দেন। তিনি অভিযোগ করেন, ‘দখলদাররা আমার বাসার দরজা ভেঙে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় এবং পরিবার-পরিজন নিয়ে ওই ভবনে বসবাস শুরু করেন।’ওই ভবনে গিয়ে দখলদার মনিময় হাওলাদারের স্ত্রী পুষ্প রানী হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘মোর স্বামী মোগে এই বাড়িতে থাকার লাইগ্যা আনছেন। তাঁর কাছ থাইক্কা হুনছি এইডা মোর শ্বশুরের বাড়ি ও সম্পত্তি ছিল।’ উজিরপুর মডেল হাইস্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মজিদ সিকদার এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অশোক হালদারসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দলের নাম ভাঙ্গিয়ে কতিপয় ভূমিদস্যু সরকারি সম্পত্তি দখল করে নিয়েছে। দখলের পর পাঁচ দিন অতিবাহিত হলেও প্রশাসন দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুনীল চন্দ্র দাস বলেন, ‘বিষয়টি জানার পর থানায় আমি একটি সাধারণ ডায়েরি করেছি।’ অন্যতম দখলদার মনিময় হাওলাদার লুটপাটের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা পৈতৃক সূত্রে ওই সম্পত্তির বৈধ মালিক।’ আরেক দখলদার হরিনাময় হাওলাদারের চাচা বিলাস কুমার হাওলাদার দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পৈতৃক সূত্রে হরিনাময় ওই সম্পত্তির মালিক।’ উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় সরকারি সম্পত্তি দখল হওয়ার কথা স্বীকার করে বলেন, ‘দখলদারদের উচ্ছেদ এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ তিনি আরও বলেন, ‘দখলদাররা জাল কাগজপত্র তৈরি করে মালিকানা দাবি করছে। আদালতে এ সংক্রান্ত একটি মামলা বিচারাধীন।’