সরকারি ভবন ভেঙে মালামাল বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ও দরপত্র ছাড়াই রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ ক্যাম্পাসে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি সেচ) একটি পরিত্যক্ত দোতলা ভবন ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি ভবনের রডসহ বিভিন্ন মালামাল বিক্রি করে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রংপুরের জেলা প্রশাসকের নির্দেশে পুলিশ গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভাঙারি ব্যবসায়ীর দোকান থেকে ভবনের আড়াই টন রড জব্দ করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালে বিএডিসির ওই পরিত্যক্ত ভবনে পীরগাছা উপজেলা পরিষদ কোয়ালিটি স্কুল নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হয়। সেখানে বিনা ভাড়ায় প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল।অভিযোগে জানা গেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন এবং দরপত্র ছাড়াই স্কুলের উন্নয়নের নামে গত ১৫ অক্টোবর ওই স্কুলের অধ্যক্ষ শাহ মো. গোলাম মোস্তফা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সহযোগিতায় দোতলা ভবনটি শ্রমিক দিয়ে ভেঙে ফেলেন। এরপর ভবনের প্রায় আড়াই টন রড গোপনে আবদুস সাত্তার নামের স্থানীয় পাকারমাথা বাজারের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে সব টাকা আত্মসাৎ করা হয়। রড ছাড়াও ভবনের অন্যান্য মালামাল বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়।ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে উপজেলা নাগরিক কমিটির ব্যানারে স্থানীয় স্বাধীনতা চত্বর প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির যুগ্ম আহ্বায়ক ও পীরগাছা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য যোগসাজশে বিএডিসির ভবন ভেঙে মালামাল বিক্রি করে দিয়েছেন। সংবাদ সম্মেলনে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অভিযোগের ব্যাপারে উপজেলা পরিষদ কোয়ালিটি স্কুলের অধ্যক্ষ শাহ গোলাম মোস্তফা বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিষ্ঠানের সভাপতি ইউএনও এ কে এম সরোয়ার জাহান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মাহাবুবার রহমানের নির্দেশে ভবনটি ভেঙে ফেলা হয়েছে। এ কে এম সরোয়ার জাহান জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। শাহ মো. মাহবুবার রহমান বলেন, বিএডিসির ওই ভবনটি পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে এটি ভেঙে ফেলা হয়েছে।পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বিএডিসির ভেঙে ফেলা ভবনের রড পাকারমাথা নামক স্থানের এক ব্যবসায়ীর দোকান থেকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।