সরকারি ভবনের ইটে শৌচাগার!
ময়মনসিংহের নান্দাইল উপজেলা কৃষি বিভাগের একটি বীজ সংরক্ষণাগারের ইট খুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব ইট দিয়ে উপজেলার গাংগাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামানের সদ্য প্রতিষ্ঠিত একটি বাজারে গণশৌচাগার নির্মাণ করা হবে। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস সাত্তার বলেন, উপজেলার গাংগাইল ইউনিয়নের বিয়ারা গ্রামের ওই বীজ সংরক্ষণাগারের দেয়াল ভেঙে ইট খুলে নেওয়ার বিষয়টি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালককে চিঠি দিয়ে জানানো হয়েছে। একজন কর্মকর্তাকে দিয়ে তদন্ত করে ঘটনার সত্যতাও খুঁজে পেয়েছে কৃষি বিভাগ। উপজেলার বিয়ারা গ্রামের আবু বক্কর সিদ্দিক (৭৫) গতকাল সোমবার বলেন, ‘কৃষি বিভাগের ওই ভবনটিতে একসময় সার, বীজ ও কীটনাশক রাখা হতো। এইডা অহন চেয়ারম্যানের লোকজন কেরে ভাইঙ্গা নিতাছে কইতাম পারতাম না।’ পাছবাড়িয়া গ্রামের আবদুল আলী (৬০) বলেন, ‘হুনছি এইডার (বীজ সংরক্ষণাগার) ইট খুইল্যা নিয়া স্থানীয় চেয়ারম্যান কাছের বাংলা বাজারে ল্যাট্রিন বানাইব।’ চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া গেছে। নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হামিদ মিয়া বলেন, ওই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।