সরকারি মহিলা কলেজের জমি রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের নামে ইজারা নেওয়া জমি রক্ষার দাবিতে গত বৃহস্পতিবার বিকেলে কলেজের বিজ্ঞান ভবনের সামনে মতবিনিময় সভা হয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ মফিজুল ইসলাম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ আ আ আ আসাদুজ্জামান, উপাধ্যক্ষ আবদুল খালেক, সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ ইন্তাজ উদ্দিন, সাটুরিয়ার সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল ইসলাম শিকদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি আজাহারুল ইসলাম, জেলা জজ আদালতের সাবেক পিপি আজিজ উল্লাহ প্রমুখ। তাঁরা জেলার একমাত্র সরকারি মহিলা কলেজের জমি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খানের উদ্যোগে ১৯৭২ সালে শহরের গঙ্গাধরপট্টি এলাকায় কলেজটি প্রতিষ্ঠা করা হয়। ১৯৭৭-৭৮ সালে সরকারের কাছ থেকে কলেজের পাশে ২৮১ শতক জমি ইজারা নিয়ে সেখানে বিজ্ঞান ভবন, ছাত্রীনিবাস, অধ্যক্ষের বাসভবন নির্মাণসহ চারদিকে সীমানাপ্রাচীর দেওয়া হয়। ২০১২ সালে কলেজের ওই ২৮১ শতক জমির বৈধ মালিক দাবি করে গঙ্গাধরপট্টি এলাকার দুই ভাই—প্রবীর কুমার চৌধুরী ও বিকাশ চৌধুরী অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে মামলা করেন। গত বছরের ২২ জুন ট্রাইব্যুনাল তাঁদের পক্ষে রায় দেন। ২৫ জুন ওই রায়ের বিরুদ্ধে সরকারের পক্ষে জেলা জজ আদালতে আপিল করেন জেলা প্রশাসক। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।