সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মনোবিজ্ঞানীর পদ হচ্ছে
দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে একটি করে মোট ৩১৭টি মনোবিজ্ঞানীর পদ সৃষ্টির প্রস্তাব করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে কম্পিউটার শিক্ষা এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের জন্য আরও প্রায় এক হাজার শিক্ষকের পদ সৃষ্টির প্রস্তাব করা হচ্ছে।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের মনোজগৎ গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইভ টিজিং, সামান্যতেই শিক্ষার্থীদের অভিমান করে আত্মহত্যাসহ নানা ধরনের দুর্ঘটনা ঘটছে। এ জন্য আমরা বিদ্যালয়গুলোতে মনোবিজ্ঞানীর পদ সৃষ্টির প্রস্তাব করছি।’ তিনি জানান, গতকালই প্রস্তাবটি চূড়ান্ত করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য তা মন্ত্রণালয়ে পাঠানো হবে।কম্পিউটার শিক্ষাসহ বিভিন্ন ধর্মের শিক্ষক পদের প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, ‘নৈতিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষানীতির আলোকে আমরা বিভিন্ন ধর্মের শিক্ষকের পদ সৃষ্টির প্রস্তাব করেছি।’ দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে ৩১৭টি। মাউশি সূত্রে জানা গেছে, প্রস্তাবে ৩১৭টি মনোবিজ্ঞানীর পদ সৃষ্টি করতে বলা হয়েছে। অন্যদিকে কম্পিউটার শিক্ষার জন্য ৪৭০টি, হিন্দু ধর্ম বিষয়ে ৪৬৬টি, বৌদ্ধ ধর্মের জন্য ৩৬টি, খ্রিষ্টান ধর্ম বিষয়ে ২১টি সহকারী শিক্ষকের পদ সৃষ্টিরও প্রস্তাব করা হয়েছে। বর্তমানে এসব বিষয়ে আলাদা করে শিক্ষক নেই।মাউশি সূত্রমতে, যে ১১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে উচ্চমাধ্যমিক শ্রেণী চালু করা হয়েছে, সেগুলোতে শিক্ষক-কর্মচারীসহ ২৯টি করে মোট ৩১৯টি পদ সৃষ্টিরও প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, রসায়ন, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনাসহ কয়েকটি বিষয়ে দুটি করে এবং কয়েকটি বিষয়ে একটি করে পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। প্রভাষক পর্যায়ের এসব শিক্ষক হবেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরিসহ বর্তমানে এ জাতীয় ১১টি বিদ্যালয়ে কলেজ পর্যায়ের শিক্ষক নেই। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যালয়গুলোর স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষকেরা উচ্চমাধ্যমিক শ্রেণীর ক্লাস নিচ্ছেন। মাউশি মনে করছে, যেহেতু উচ্চমাধ্যমিক শ্রেণী চালু করা হয়েছে, তাই সেখানে কলেজ পর্যায়ের বিষয়ভিত্তিক শিক্ষক থাকা উচিত। উচ্চমাধ্যমিক শ্রেণীতে ভালো প্রতিষ্ঠানের সংখ্যা ও আসন কম থাকায় সরকার ২০০৭ সালে ১১টি মাধ্যমিক বিদ্যালয়ে উচ্চমাধ্যমিক শ্রেণী চালু করে।