সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কালকের কর্মবিরতি প্রত্যাহার
সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহালের দাবিতে ডাকা আগামীকাল সোমবারের কর্মবিরতি প্রত্যাহার করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি। দেশের ৩৩২টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালনের কথা ছিল।
আজ রোববার বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করা হয় বলে জানান সমিতির সভাপতি ইনছান আলী। তিনি প্রথম আলোকে বলেন, বিকেলে মহাপরিচালক তাঁদের ডেকেছিলেন। মহাপরিচালক বলেছেন এ বিষয়টি নিয়ে শিক্ষাসচিবের সঙ্গে তাঁর কথা হয়েছে। দাবি বাস্তবায়নের বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলবেন। শিক্ষাসচিবও তাঁদের সঙ্গে কথা বলবেন। এ জন্য মহাপরিচালক কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ জানালে তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করেন।
অষ্টম বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিলের প্রতিবাদে সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি গত শুক্রবার এই কর্মসূচির ঘোষণা করেছিল।