সরকারি মাধ্যমিক শিক্ষকদেরও কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন বৈষম্য নিরসনের দাবিতে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সরকারি কলেজের শিক্ষকেরা আন্দোলনে নেমেছেন। গতকাল শুক্রবার মাধ্যমিক শিক্ষকেরাও কর্মবিরতির ঘোষণা দিলেন।
টাইমস্কেল ও সিলেকশন গ্রেড চালুর দাবিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি আগামী সোমবার সারা দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে। গতকাল সমিতির ঢাকা অঞ্চলের আঞ্চলিক কমিটিগুলোর অভিষেক অনুষ্ঠানে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সভাপতি মো. ইনছান আলী ও সাধারণ সম্পাদক জালালউদ্দিন সরকার জানান, শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে তাঁরা এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।
বেতন কাঠামো পুনর্নির্ধারণ বিভিন্ন দাবিতে কাল রোববার পূর্বঘোষিত পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। তবে শিক্ষার্থীদের সব ধরনের পরীক্ষা কর্মসূচির বাইরে থাকবে।
স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা প্রায় চার মাস ধরে বেতন কাঠামোর অসংগতি দূর করা এবং পৃথক বেতন স্কেলের দাবিতে আন্দোলন করে আসছেন। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল অনুমোদন হওয়ার পর থেকে তাঁদের ক্ষোভ আরও বেড়ে যায়। বৈঠক থেকে তাঁদের দাবির বিষয়টি বিবেচনার জন্য বেতন বৈষম্য সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত হয়। ওই কমিটির সিদ্ধান্তের আগ পর্যন্ত অষ্টম জাতীয় বেতন স্কেল অনুযায়ী তাঁরা সব সুবিধা পেতে থাকবেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল গতকাল প্রথম আলোকে বলেন, রোববার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কর্মবিরতি পালন করবেন। এ ছাড়া বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত তাঁরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন। তবে পরীক্ষা এই কর্মসূচির বাইরে থাকবে।
স্কুল-কলেজের শিক্ষকেরাও আন্দোলনে: কলেজ ও স্কুলশিক্ষকদের বিভিন্ন সংগঠন টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে। সাধারণ শিক্ষকদের মধ্যেও এ নিয়ে ক্ষোভ ও বিভ্রান্তি রয়েছে।
রাজধানীর ধানমন্ডি সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষক মনোয়ারুল ইকবাল প্রথম আলোকে বলেন, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড তুলে দেওয়ায় তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন। প্রতি বছর নির্দিষ্ট পরিমাণে যে বার্ষিক প্রবৃদ্ধি হবে, তাতে ওই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়।
এদিকে সিলেকশন গ্রেড বহাল ও বেতন বৈষম্য নিরসনের সুনির্দিষ্ট আশ্বাস না পেলে ১৯ ও ২০ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন সরকারি কলেজের শিক্ষকেরা। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি গত বৃহস্পতিবার সন্ধ্যায় জরুরি বৈঠকে এ কর্মসূচি চূড়ান্ত করে।
এদিকে ঘোষিত বেতন কাঠামোতে সহকারী প্রাথমিক শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে পুনর্নির্ধারণ, সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ বন্ধ করে শতভাগ বিভাগীয় পদোন্নতির সুযোগ সৃষ্টি করাসহ ১১দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি। গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য দেন সমিতির সভাপতি নাসরিন সুলতানা। তিনি বলেন, সহকারী শিক্ষকেরা ক্রমাগত বৈষম্যের স্বীকার হচ্ছেন। স্বাধীনতার পর ২০০৫ সাল পর্যন্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে বেতনের পার্থক্য ছিল এক ধাপ। ২০০৬ সালের বেতন স্কেলে সেটি দুই ধাপ হয়। গত বছরের ৯ মার্চ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন ব্যবধান তিন ধাপ বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা করা হয়েছে। সর্বশেষ অষ্টম বেতন স্কেলেও তিন ধাপ ব্যবধান রাখা হলো। এটি শিক্ষকদের জন্য অবমাননাকর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি আদায়ে ১৭ সেপ্টেম্বর সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে। এ ছাড়া ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যালয়ে গণসংযোগ এবং ১৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন করবেন শিক্ষকেরা।
এদিকে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি তাদের নবম গ্রেডভুক্ত করার দাবি জানিয়েছে। পাশাপাশি শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল চালু, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবিতে আজ দেশের সব বিদ্যালয়ে শিক্ষকেরা কালো ব্যাজ ধারণ করবেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক মোফাজ্জল হোসেন।